প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান প্রশস্তকরণ কাজের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জুবলি স্কুলের সামনে আকস্মিক পরিদর্শনকালে তিনি বালির পরিবর্তে মাটি ব্যবহারের প্রমাণ পেয়ে ক্ষুব্ধ হন এবং সঙ্গে সঙ্গে এই নির্দেশনা জারি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ফটিকছড়ির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি শেষ করে সংসদ সদস্য সরোয়ার আলমগীর ফিরছিলেন। পথে তিনি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জুবলি স্কুল সংলগ্ন ঝুঁকিপূর্ণ অংশে চলমান সড়ক প্রশস্তকরণ কাজটি পরিদর্শন করতে গাড়ি থামান।
এসময় এমপি দেখতে পান, সড়কের টেকসই ও মজবুতকরণের জন্য যেখানে নিয়ম অনুযায়ী বালি ব্যবহার করার কথা, সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠান বালির বদলে অবাধে মাটি ব্যবহার করছে। সরকারের উন্নয়ন কাজে এ ধরনের প্রকাশ্য অনিয়ম ও চরম গাফিলতি দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ঘটনাস্থলেই কাজ বন্ধ রাখার কঠোর নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান।
এ বিষয়ে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, এমপি সাহেবের এই আকস্মিক পরিদর্শনে সড়ক কাজের বড় ধরনের ফাঁকি ও দুর্নীতি হাতেনাতে ধরা পড়েছে। তারা প্রশাসনের নিয়মিত নজরদারির মাধ্যমে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কে টেকসই কাজ নিশ্চিত করার দাবি জানান।
সংসদ সদস্য সরোয়ার আলমগীর মন্তব্য করেন, জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত উন্নয়ন কাজে কোনো ধরনের দুর্নীতি বা নিম্নমানের সামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না। তিনি এই কাজের অনিয়মের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন