প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাজ্যের বেকি জোন্স ১১ বছর ধরে ক্যানসারের চিকিৎসা গ্রহণ করেছেন, কিন্তু ৩৪ বছর বয়সে এসে তিনি জানতে পারেন যে, তার শরীরে কখনোই ক্যানসার ছিল না। ভুল রোগ নির্ণয়ের কারণে তাকে বছরের পর বছর অপ্রয়োজনীয় কেমোথেরাপি নিতে হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। খবরটি প্রকাশ করেছে বিবিসি।
বেকি ২০১২ সালে, যখন তার বয়স মাত্র ২১ বছর, তখন তীব্র মাইগ্রেনের কারণে চিকিৎসকের কাছে যান। চিকিৎসকরা তাকে জানান, তার মস্তিষ্কে প্রাণঘাতী গ্রেড-৪ গ্লিওব্লাস্টোমা টিউমার রয়েছে। বলা হয়েছিল, চিকিৎসা না নিলে তার মৃত্যু হতে পারে কয়েক মাসের মধ্যে।
এরপর বেকিকে টেমোজোলোমাইড (টিএমজেড) নামের কেমোথেরাপির ওষুধ দেওয়া শুরু হয়। তিনি দাবি করেন, চিকিৎসক তাকে বলেছিলেন, জীবনের বাকি সময় এই ওষুধ নিতে হবে। অথচ সাধারণ চিকিৎসা নির্দেশিকায় এ ধরনের কেমোথেরাপি সাধারণত ছয় মাসে ছয়টি সাইকেলের মতো দেওয়ার সুপারিশ করা হয়।
বেকি জানান, একাধিক স্ক্যানে মস্তিষ্কে টিউমারের স্পষ্ট কোনো প্রমাণ না পাওয়ার পর তিনি চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে তাকে বলা হয়েছিল, টিউমারটি স্ক্যানে দৃশ্যমান নাও হতে পারে।
বছরের পর বছর কেমোথেরাপির কারণে বেকি ভুগেছেন বমি বমি ভাব, পেটব্যথা, মুখে ঘা ও চরম ক্লান্তিতে। তাকে সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক জমায়েত এড়িয়ে চলতে হয়েছে সংক্রমণের আশঙ্কায়। চিকিৎসার কারণে তার কর্মজীবনও বাধাগ্রস্ত হয়েছে। চিকিৎসকেরা তাকে জানিয়েছিলেন, তিনি সন্তান ধারণ করতে পারবেন না, তবে পরে তার দুটি সন্তান হয়েছে।
২০২৪ সালে হঠাৎ করে তার কেমোথেরাপি বন্ধ করে দেওয়া হয়। তখন তাকে জানানো হয়, সংশ্লিষ্ট চিকিৎসক অবসরে গেছেন। এরপর নতুন করে বিষয়টি পর্যালোচনা শুরু হলে ২০২৫ সালে বেকি জানতে পারেন, তার মূল রোগ নির্ণয়ই ভুল ছিল।
স্বাধীন নিউরোসার্জন ও রেডিওলজিস্টদের বিশ্লেষণে দেখা যায়, বেকির কখনোই মস্তিষ্কে ক্যানসার ছিল না। তিনি আসলে ‘টিউমেফ্যাকটিভ ডিমাইলিনেশন’ নামের এক ধরনের প্রদাহজনিত রোগে আক্রান্ত ছিলেন, যা সাধারণত নিউরোলজিস্টরা চিকিৎসা করেন এবং শক্তিশালী স্টেরয়েড দিয়ে এর চিকিৎসা করা যায়।
বেকির অভিযোগ, ভুল রোগ নির্ণয়ের কারণে তার প্রাপ্তবয়স্ক জীবনের গুরুত্বপূর্ণ ১১ বছর অপ্রয়োজনীয় ক্যানসার চিকিৎসার মধ্যে কেটেছে। তিনি বলেন, তাকে বারবার বলা হয়েছিল কেমোথেরাপি না নিলে তিনি মারা যাবেন।
বেকির মতো ৪০ জনের বেশি রোগী ইউনিভার্সিটি হসপিটালস কভেন্ট্রি অ্যান্ড ওয়ারউইকশায়ার (ইউএইচডব্লিউ) এনএইচএস ট্রাস্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। তাদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় দীর্ঘ সময় বা অপ্রয়োজনীয়ভাবে তাদের ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়েছে।
রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানসের প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, ওই হাসপাতালে কিছু রোগীকে দীর্ঘ সময় টিএমজেড দেওয়া হয়েছে, অথচ এর উপকারিতার পক্ষে সামান্য বা কোনো প্রমাণ ছিল না। পর্যালোচনা করা ২০টি মামলার মধ্যে ১৫টিকে সামগ্রিকভাবে ‘অসন্তোষজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে রোগীদের টিএমজেড ব্যবহারের ঝুঁকি যথাযথভাবে বোঝানো ও নথিভুক্ত না করা, চিকিৎসকদের মধ্যে সমন্বয়ের ঘাটতি এবং কিছু ক্ষেত্রে পর্যাপ্ত ‘ক্লিনিক্যাল কৌতূহলের’ অভাবের কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে ইউনিভার্সিটি হসপিটালস কভেন্ট্রি অ্যান্ড ওয়ারউইকশায়ার এনএইচএস ট্রাস্ট জানিয়েছে, তারা ব্যক্তিগত রোগীর বিষয়ে মন্তব্য করবে না। তবে টিএমজেড প্রেসক্রিপশন ও ব্যবহারের ওপর আরও শক্তিশালী তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্রান্ত রোগীদের জ্যেষ্ঠ চিকিৎসকদের মাধ্যমে পুনর্মূল্যায়ন করে উপযুক্ত চিকিৎসা পরিকল্পনাও করা হয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট।
বেকির ভাষায়, ঘটনাটি শুধু একজন চিকিৎসকের ভুলের বিষয় নয়; বরং এত দীর্ঘ সময় ধরে সেই ভুল কীভাবে নজরদারির বাইরে থাকল, সেটিও বড় প্রশ্ন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন