প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ছয়টি ক্যাটাগরির জন্য মোট ১০৬ জনের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। এ উদ্দেশ্যে পৃথক দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।
যেসব পদে নিয়োগ
প্রথম বিজ্ঞপ্তিতে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) হিসেবে চারজন, হিসাব সহকারী (ইরেসপো) চারজন এবং মাঠ সংগঠক (ইরেসপো) ১৩ জন নিয়োগ দেওয়া হবে।
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে হিসাবরক্ষক পদে ১৭ জন, মাঠ সংগঠক পদে ৬৭ জন এবং অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) পদে আবেদন করতে হলে প্রার্থীদের যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা আবশ্যক।
হিসাব সহকারী (ইরেসপো) পদে বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। মাঠসংগঠক (ইরেসপো) পদে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
হিসাবরক্ষক পদে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রি বা সমমানের পাস থাকতে হবে। মাঠ সংগঠক ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদে এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদে কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ও উইন্ডোজ পরিচালনায় দক্ষতার পাশাপাশি বাংলায় প্রতি মিনিটে ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপের গতি থাকতে হবে।
বেতন ও গ্রেড
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) পদটি গ্রেড-১০ এবং হিসাব সহকারী ও মাঠ সংগঠক (ইরেসপো) পদ দুটি গ্রেড-১৪-এর সাকুল্য বেতনে নিয়োগ দেওয়া হবে।
হিসাবরক্ষক পদে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা এবং মাঠ সংগঠক ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর পদে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা বেতন প্রদান করা হবে।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন
খুলনা, চট্টগ্রাম, বরিশাল, কক্সবাজার ও কুমিল্লা জেলার স্থায়ী নাগরিকরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী এসব পদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিআরডিবির প্রকল্প বা কর্মসূচির প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন যেভাবে
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে এ৪ সাইজের কাগজে প্রিন্ট করতে হবে। ফরম যথাযথভাবে পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত তিন কপি ছবি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর বর্তমান ঠিকানা লেখা ও ১০ টাকা ডাকটিকিটযুক্ত একটি ফেরত খাম দিতে হবে। খামের ওপর পদের নাম, বিজ্ঞপ্তির স্মারক নম্বর ও প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুগ্মপরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপার্টিজ লিঃ, রোড নং-০১, বাড়ি-১৩৪, ফ্ল্যাট-এ৪, খুলশী, চট্টগ্রাম বরাবর পাঠাতে হবে। সরাসরি বা হাতে হাতে আবেদন গ্রহণ করা হবে না।
পদভেদে আবেদনের শেষ সময় ৮ ও ১৯ অক্টোবর ২০২৬। আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়সীমা দেখে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আবেদন ফি সম্পর্কে ভিন্ন নির্দেশনা থাকায় সংশ্লিষ্ট পদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফি ও জমাদানের পদ্ধতি অনুসরণ করতে হবে। বিস্তারিত তথ্য বিআরডিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি তিনটি দেখতে এখানে ক্লিক ( খুলনা , বরিশাল , চট্টগ্রাম ) করুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন