প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রাঙ্গণ থেকে পুলিশ একটি টাইম বোমা এবং দুই লিটার পেট্রল উদ্ধার করেছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাটি নিষ্ক্রিয় করে। এই ঘটনার পর আখড়াবাড়ি ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার সময় লালন আখড়াবাড়ির ভেতরে একটি সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানার পর পুলিশ দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। রাতের মধ্যেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা সন্দেহজনক ব্যাগটি তল্লাশি করে একটি টাইম বোমা এবং দুই লিটার পেট্রল উদ্ধার করে। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
এদিকে, ঘটনার পর থেকে লালন আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত এবং সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তাব্যবস্থা জোরদার রেখেছে।
কে বা কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু আখড়াবাড়ি প্রাঙ্গণে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার বলেন, "বোমা উদ্ধারের ঘটনা সত্য। এ বিষয়ে পুলিশ বিস্তারিত বলতে পারবে।" কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, "লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুটি বোতলে পেট্রল উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে মাজার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন