প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় প্রায় ২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রোয়াংছড়ি উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ভবন এবং খামতাং পাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং।
একই দিনে দুপুরে রুমা উপজেলায় বম নারী সংগঠনের (বিএনএম) অফিসঘর ও ছাত্রীনিবাস ভবনের উদ্বোধন করেন তিনি। প্রকল্পগুলো বাস্তবায়ন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। অন্যদিকে, রুমা বাজার সংলগ্ন মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন মাঠে পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্র্বতীকালীন চেয়ারম্যান ও সদস্যদের গণ সংবর্ধনা প্রদান করে রুমা উপজেলা বিএনপি।
উদ্বোধনী অনুষ্ঠান ও গণ সংবর্ধনায় উপস্থিত ছিলেন বান্দবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, জেলা পরিষদের সদস্য চনুমং মারমা, লুসাইমং মারমা, মোহাম্মদ জসীম উদ্দিন তুষার, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, উম্যাসিং মারমা, রোয়াংছড়ি উপজেলার কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি অংশৈমং মারমা, সাধারণ সম্পাদক কমলসহ স্থানীয় কাঠ ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে গণ সংবর্ধনা সভায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং মন্তব্য করেন, বান্দরবান পার্বত্য জেলার মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে পার্বত্য জেলা পরিষদ কাজ করবে। তিনি প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নসহ জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।
তিনি জনগণের সঙ্গে সমন্বয় করে তাদের প্রয়োজন ও প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
মাম্যাচিং আরও বলেন, বান্দরবানের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে নিয়ে জেলার উন্নয়নে কাজ করতে হবে।
এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি পার্বত্য জেলার মানুষের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন