প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসে ছোট ভাইয়ের মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দেশে মারা গেছেন বড় ভাইও। দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের মীর আহমদ সওদাগর বাড়িতে ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মীর আহমদ সওদাগরের ছোট ছেলে মোহাম্মদ খোরশদুল আলম (৩৫) মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোসাফফা এলাকায় হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মরদেহ এখনও দেশে পৌঁছায়নি। ছোট ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই, ঠিক একদিন পর বুধবার সকাল ৫টায় মারা যান বড় ভাই মোহাম্মদ নুরুল আলম।
নিহতদের ভাতিজা রাশেদ বলেন, "ছোট চাচা প্রবাসে স্ট্রোক করে মারা গেছেন। সেই শোক কাটতে না কাটতেই তার পরদিনই আবার বড় চাচাও একই সময়ে আমাদের ছেড়ে চলে গেলেন। পরপর দুই অভিভাবককে হারিয়ে আমাদের পরিবার আজ দিশেহারা। এই চরম বেদনা আমাদের পরিবার কীভাবে মেনে নেবে, তা আমাদের জানা নেই।"
২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুর খবর শোনার পর ফটিকছড়ি পৌরসভা ও আশেপাশের এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা তাদের বাড়িতে ভিড় করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন