প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার ধুনট এলাকায় গত দুই বছর ধরে রাতের অন্ধকারে সড়কের বিভিন্ন স্থান থেকে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। পুলিশ একাধিক অভিযান পরিচালনা করে কাটা গাছের গুঁড়ি উদ্ধার করলেও, এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হয়নি।
সূত্রে জানা গেছে, সরকারিভাবে ধুনট উপজেলা সদর থেকে চিকাশি ইউনিয়নের জোড়শিমুল পর্যন্ত ১০ কিলোমিটার পাকা সড়কের দুই পাশে প্রায় ১২ বছর আগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছিল। গত দুই বছর ধরে সেই গাছগুলো এলাকার সংঘবদ্ধ চক্র রাতের অন্ধকারে কেটে নিচ্ছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলে পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে কয়েকটি কাটা গাছের গুঁড়িও উদ্ধার করেছে। তবে, জড়িতদের শনাক্ত বা আটক করতে তারা সক্ষম হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, গাছ কাটার সঙ্গে জড়িতরা একটি চিহ্নিত সংঘবদ্ধ চক্র। কিন্তু তাদের নাম বলার সাহস পায় না কেউ। পুলিশ অভিযানে আসার আগেই তারা খবর পেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ শুধুমাত্র ডালপালা উদ্ধার করে নিয়ে যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘গাছ কাটার সঙ্গে জড়িত কয়েকজনের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। বনবিভাগের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে গ্রেপ্তারের চেষ্টাও চলছে।’
উপজেলা বন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘গাছ কাটার বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে মামলা করা হবে। জড়িতদের নামের তালিকা পাওয়া গেছে। তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করা যাচ্ছে না।’
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফউল্লাহ নিজামী গণমাধ্যমকে বলেন, ‘গাছ কাটার সঙ্গে জড়িতরা একটি সংঘবদ্ধ চক্র। খুব দ্রুত চিহ্নিতদের বিরুদ্ধে মামলা করে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন