প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গুগলে ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর’ লিখে সার্চ করলে একটি মোবাইল নম্বর দেখা যায়।
সেটিকে সরকারি নম্বর মনে করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ প্রতিদিন আবহাওয়ার তথ্য জানতে ফোন করেন।
তবে সেটি আবহাওয়া অধিদপ্তরের কোনো নম্বর নয়। ফোনের অন্য প্রান্তে বসা ঢাকার সাভারের বাসিন্দা মাসুদ রানা, যিনি একজন বেকার যুবক।
মাসুদ রানা প্রায় আড়াই বছর ধরে এমন ভুল ফোনকলের কারণে ভোগান্তিতে রয়েছেন।
তিনি সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বাসিন্দা এবং জানান, গত আড়াই বছর ধরে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে তার নম্বরে ফোন আসে।
কেউ বৃষ্টির সম্ভাবনা জানতে চান, কেউ তাপপ্রবাহ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জানতে চান।
এমনকি অনেক সময় গভীর রাতেও ফোন আসে।
শুরুতে তিনি কলকারীদের বুঝিয়ে বলতেন যে এটি আবহাওয়া অধিদপ্তরের নম্বর নয়, কিন্তু একই ধরনের ফোনকল প্রতিনিয়ত আসতে থাকায় এখন তিনি বিরক্ত হয়ে পড়েছেন।
তিনি বলেন, "আমি কখনো আবহাওয়া অধিদপ্তরে চাকরি করিনি, এ বিষয়ে কোনো প্রশিক্ষণও নেই। কিভাবে আমার ব্যক্তিগত নম্বরটি গুগলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নম্বর হিসেবে যুক্ত হলো, সেটা আমি জানি না।"
ভুল নম্বরে আসা এসব ফোনকলের কারণে তার পরিবারের সদস্যরাও ভোগান্তিতে রয়েছেন।
ব্যক্তিগত ও প্রয়োজনীয় ফোনকলের মাঝেও প্রায়ই আবহাওয়ার তথ্য জানতে মানুষের ফোন আসে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, "একটি ভুল তথ্যের কারণে একজন মানুষ দীর্ঘদিন ধরে অকারণে ভোগান্তি পোহাচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষও ভুল তথ্যের কারণে বিভ্রান্ত হচ্ছেন। বিষয়টি দ্রুত সংশোধন করা প্রয়োজন।"
আরেক স্থানীয় বাসিন্দা বলেন, "মাসুদের ফোনে সারাক্ষণ কল আসতে থাকে। এতে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানের তথ্য নিয়মিত তদারকি করা হলে এমন পরিস্থিতি তৈরি হত না।"
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুল করিম বলেন, "এ বিষয়ে আমাদের আগে জানা ছিল না। যদিও বিষয়টি আমাদের ওয়েবসাইট সংশ্লিষ্ট কোনো ভুল নয়, তবুও যেহেতু আমাদের অধিদপ্তর সম্পর্কিত তাই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং গুগলে ভুল তথ্য প্রদর্শিত হয়ে থাকলে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক ড. শামীম কায়সার বলেন, "গুগলের লোকেশন ও তথ্য সম্পাদনার সুবিধা ব্যবহার করে অনেক সময় ভুল তথ্য যুক্ত হতে পারে। এটি আবহাওয়া অধিদপ্তরের কোনো ভুল নয়। হয়ত কোনো ব্যক্তি গুগল ম্যাপে আবহাওয়া অধিদপ্তরের লোকেশন সেট করার সময় সেখানে অধিদপ্তরের নাম্বার না দিয়ে ওই ব্যক্তির মোবাইল নাম্বারটি যুক্ত করে দিয়েছে, তাই বিষয়টি বেশ বিভ্রান্তিকর। সেক্ষেত্রে গুগলে সরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল তথ্য নিয়মিত পর্যবেক্ষণ ও যাচাই করা প্রয়োজন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন