প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালীর সেনবাগে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের উদ্দেশ্যে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়, এম এ আলী ভোকেশনাল ইনস্টিটিউট এবং মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ, ঔষধী এবং অন্যান্য বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রবীণ পরিচালক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এবং এম এ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংস্থার স্থানীয় পরিচালক আব্দুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ, মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব বিএসসি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আতাউর রহমান কিরণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক মোঃ হারুন। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তারা সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এই সময় উপস্থিত ছিলেন মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সংস্থার স্থানীয় পরিচালক আব্দুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, আলাউদ্দিন আলো, প্রবাসী হাবিবুল্লাহ, দক্ষিণ আফ্রিকা প্রবাসী আরমান হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। পরে সেনবাগ থানার ওসি মোঃ আব্দুর রহিম সরকার বিদ্যালয় প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিম চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব বিএসসি এবং সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালকেরা বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে কর্মসূচির প্রথম ধাপে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে পৌর এলাকার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ করা হয়েছিল সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে। সংস্থার ধারাবাহিক এ সবুজায়ন কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন