প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৪০০ শিক্ষার্থীকে ‘এ+ সংবর্ধনা’ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী এবং চাকসু জিএস ও চবি ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক সাইদ বিন হাবীব।
চাকসু ভিপি ও চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনটির অর্থ সম্পাদক ইসহাক ভূঁঞা। সমাপনী বক্তব্য দেন অফিস সম্পাদক রবিউল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন, শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে। তিনি উল্লেখ করেন, উদ্যোক্তা হতে হলে বিপুল অর্থের প্রয়োজন নেই, বরং মানুষের আস্থা ও ভালোবাসাই সবচেয়ে বড় মূলধন। যোগ্য ও সফল উদ্যোক্তা হলে চাকরি নিজেই উদ্যোক্তার পেছনে ছুটে আসে।
তিনি আরও বলেন, জীবনে সফল হওয়ার জন্য শুধু বিসিএস ক্যাডার বা বড় পদমর্যাদা অর্জন করলেই হবে না, যদি তাতে দুর্নীতির ছাপ থাকে। একজন অসৎ কর্মকর্তার চেয়ে নীতিবান, আদর্শবান ও সৎ নাগরিক হিসেবে জীবনযাপন করা অনেক বেশি মর্যাদাপূর্ণ।
তিনি চাকরি জীবনের সাফল্যের একমাত্র মাপকাঠি নয় বলেও মন্তব্য করেন। দেশের অগ্রগতির পথে দুর্নীতিকে বড় বাধা হিসেবে উল্লেখ করে অনৈতিক উপায়ে অর্জিত পদমর্যাদার চেয়ে সৎ ও সাধারণ জীবনযাপনকে বেশি সম্মানজনক বলে অভিমত ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, শর্টকাটে ধনী হওয়ার মানসিকতা, অন্যের অর্থ আত্মসাৎ এবং কলমের এক খোঁচায় কোটি কোটি টাকা লুটপাট বন্ধ না হলে দেশ এগোবে না এবং সিঙ্গাপুর গড়ার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে।
তিনি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতার প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এ পরিস্থিতির পরিবর্তনে হিন্দু, বৌদ্ধ, মুসলিম ও খ্রিস্টানসহ দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ভবিষ্যতে সমাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় নেতৃত্বের দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে চাকসু ভিপি ও চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে, বন্ধু নির্বাচনে ব্যর্থ হলে কিংবা নিজের ভালো ফলাফল নিয়ে কেবল বসে থাকলে সফলতা আসবে না। নিজের ফলাফল ও যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে এ দেশের একজন যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এ+ পেলেই জীবনে সফলতা আসে না। আমরা ভালো ফলাফল করব এবং নিজেদের মধ্যে মনুষ্যত্ব বিকাশে কাজ করব। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি নিজেদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
ইব্রাহিম হোসেন রনি বলেন, জাতিকে পরিবর্তন করতে হলে প্রথমে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হবে। সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে ভালো পরিবেশ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাকসুর সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক হারেস মাতব্বর, ছাত্রশিবিরের অফিস সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক রিয়াদ হোসেন, আইটি সম্পাদক আবিদুর রহমান এবং স্কিল ডেভেলপমেন্ট ও ব্যবসায় শিক্ষা সম্পাদক ওয়াহিদুল ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন