প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের কালীগঞ্জে সৎ ছেলের বিরুদ্ধে স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা, নির্যাতন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এক বৃদ্ধা মা তার ছেলের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেছেন, তার স্বামী প্রথম স্ত্রীর মৃত্যুর পর ২০১৪ সালে পারিবারিকভাবে মুসলিম শরিয়াহ মোতাবেক জহুরুল মাস্টারের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাদের একসাথে স্বামী-স্ত্রী হয়ে বসবাস করার সময়, স্বামীর প্রথম পক্ষের ছেলে মো. কবির উদ্দীন মিঠু শুরু থেকেই তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকে এবং বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন চালাতো।
এছাড়া, তিনি আরও দাবি করেছেন, তার স্বামীকে চিকিৎসার নামে জন্মনিয়ন্ত্রণের ইনজেকশন দেওয়া হয়েছিল, যার ফলে তাদের কোনো সন্তান হয়নি। প্রায় পাঁচ বছর আগে এক সকালে কিছু ওষুধ খাওয়ানোর পর তার স্বামী অসুস্থ হয়ে পড়েন এবং ওই দিন রাতেই মারা যান। এই ঘটনার পর তিনি সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর মো. কবির উদ্দীন মিঠু তার ওপর নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি করে। তার ঘরে থাকা নগদ টাকা, ব্যবহৃত স্বর্ণালংকার, কাপড়-চোপড়, আসবাবপত্রসহ অন্যান্য মালামাল জোরপূর্বক নিয়ে যাওয়ার কথা বলেন। এছাড়া, বাড়ির টিউবওয়েল এবং বাথরুম ব্যবহার করতে বাধা দেওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, মারধর এবং প্রাণনাশের হুমকি দিয়ে শেষ পর্যন্ত তাকে স্বামীর ভিটাছাড়া করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বৃদ্ধা মা জানান, বর্তমানে তিনি কালীগঞ্জ থানার ফয়লা মাস্টারপাড়া গ্রামের একটি বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন। তার দাবি, স্বামীর রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে তাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে অভিযুক্ত ব্যক্তি এককভাবে ভোগদখল করছেন। স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তার কোন সুফল মেলেনি। বরং, অভিযুক্ত মো. কবির উদ্দীন মিঠুর বিরুদ্ধে তাকে হয়রানি করতে আদালতে মামলা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, তার বয়স ৬০ বছরের বেশি। তিনি নিঃসন্তান, অসহায় এবং উপার্জনক্ষম নন। আদালতে হাজিরার জন্য তার আর্থিক কষ্ট হচ্ছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার স্বামীর সম্পত্তিতে আইনগত অধিকার নিশ্চিত করা, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত মো. কবির উদ্দীন মিঠুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্ত মো. কবির উদ্দীন মিঠু বলেন, সংবাদ সম্মেলনে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সঠিক নয়, কারণ তিনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী। আমাদের এখানে জমির পরিমাণ মাত্র ৩ শতক। আমি তাকে থাকার জন্য একটি ঘর দিয়েছি, কিন্তু তিনি সেখানে থাকেন না। এসব বিষয়ে কোর্টে মামলা চলছে। তিনি যে রায়ের কথা বলছেন, সেটা আদালত থেকে তাকে থাকার অনুমতি দিয়েছে। বিষয়টি অনেক পুরাতন, সাবেক এমপিসহ অনেকেই এই বিষয়ে একাধিকবার বিচার সালিশ করেছেন। তবে, তিনি কোন সমাধান মানেননি বলেও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন