প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চারজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই অনুপ্রবেশের চেষ্টা করে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা বিওপি এলাকার বিপরীতে অবস্থিত ভারতের আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিনজন পুরুষ ও একজন নারীসহ মোট চারজনকে শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। সোনাডাঙ্গা বিজিবির টহল দলের নজরে আসার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে রুখে দেন।
বর্তমানে ওই চার নাগরিক ভারত ও বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্তজুড়ে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি জানান, বর্তমানে ওই চারজনকে নিরাপদে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম ও প্রচেষ্টা চলছে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, "দেশের সুরক্ষায় অবৈধভাবে কাউকে একচুলও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন