প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইলে আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আদালত চত্বর, যা একটি সুরক্ষিত স্থান, সেখানে অস্ত্র নিয়ে প্রবেশের ঘটনাটি গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন- কালিয়া উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), মো. আমিনুর শিকদার (৫৬), মো. হাফেজ শেখ (২৫), মো. তৈয়বুর রহমান (৫৫), মো. সেকেন্দার আলী (৫৮), মো. হাসানুর রহমান (৫৫), মো. রিয়াজুল শিকদার (২৭), মো. আরিফুল শেখ (২২), মো. তারেক শেখ (৩২), মো. জুলফিকার রহমান (৪০) এবং মো. শরিফুল মোল্যা (৪০)। তারা সকলেই কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই ব্যক্তিরা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য নড়াইল আদালতে গিয়েছিলেন। হাজিরা দেওয়ার পূর্বে তারা আদালত চত্বরের আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দারসহ একাধিক ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আইনজীবীর চেম্বারে এবং আদালতের মতো বিচারালয় প্রাঙ্গণে এ ধরনের দেশীয় অস্ত্র নিয়ে আসামিদের উপস্থিত হওয়ার বিষয়টি সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রশ্ন ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের কারণে বড় ধরনের সহিংসতার উদ্দেশ্যে তারা এসব অস্ত্র নিয়ে এসেছিলেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জনের আটক হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তবে তারা ঠিক কী মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং অস্ত্রগুলোর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন