প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। মঙ্গলবার জাতীয় দলের সঙ্গে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি।
রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় উল্লেখ করেন, "অনেক বছর, অনেক ম্যাচ এবং আনন্দ আর কঠিন মুহূর্তগুলোর পর আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করার সময় এসেছে কলম্বিয়ান জাতীয় দলের সঙ্গে আমার যাত্রা।"
২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিরুদ্ধে কলম্বিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক ঘটে রদ্রিগেজের। অভিষেক ম্যাচেই গোল করে তিনি নিজের আগমনের জানান দেন। এরপর ধীরে ধীরে জাতীয় দলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
২০১৪ বিশ্বকাপ ছিল রদ্রিগেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। তিনি মাত্র পাঁচ ম্যাচে ছয় গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট অর্জন করেন। শেষ ষোলোতে উরুগুয়ের বিরুদ্ধে তার করা দুর্দান্ত ভলি গোলটি বিশ্বকাপের অন্যতম স্মরণীয় গোল হিসেবে পরিচিতি পায়। সেই বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ তার প্রতি আগ্রহ দেখায় এবং টুর্নামেন্ট শেষে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি করেন তিনি।
রদ্রিগেজ কলম্বিয়ার হয়ে ২০১৪, ২০১৮ ও ২০২৬ তিনটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে কলম্বিয়া জায়গা করে নিতে পারেনি।
জাতীয় দলের জার্সি নিয়ে আবেগের কথা জানিয়ে ৩৫ বছর বয়সী এই ফুটবলার বলেন, "এই জার্সি পরা ছিল একটি স্বপ্ন, পাশাপাশি বিশাল দায়িত্বও ছিল। প্রত্যেকবার যখন আমি মাঠে ঢুকতাম, বুঝতে পারতাম আমি শুধু আমার জন্য খেলছি না। আমি আমার পরিবার, সতীর্থ এবং হাজারো কলম্বিয়ানের জন্য খেলছি, যারা স্বপ্ন দেখত।"
১০ নম্বর জার্সি পরার পাশাপাশি জাতীয় দলের অধিনায়কত্ব করার সুযোগ পাওয়াকে বিশেষ সম্মান হিসেবে উল্লেখ করেছেন রদ্রিগেজ। তিনি বলেন, "সম্মান, দায়িত্ববোধ ও কলম্বিয়ার প্রতিনিধিত্ব করার তাৎপর্য অনুধাবন করে আমি সবসময় এটি করার চেষ্টা করেছি। ভালো দিন যেমন ছিল, খুব কঠিন দিনও ছিল। কিন্তু এই রঙের গর্ববোধ করা কখনও থামাইনি।"
সুইজারল্যান্ডের বিরুদ্ধে গত ৭ জুলাই টাইব্রেকারে হেরে যাওয়া শেষ ষোলো ম্যাচটি রদ্রিগেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে দাঁড়ায়। কলম্বিয়ার জার্সিতে ১৩১ ম্যাচে তিনি ৩১ গোল করেছেন এবং ৪৩টি অ্যাসিস্ট রয়েছে।
২০২৪ কোপা আমেরিকাতেও কলম্বিয়ার নেতৃত্ব দিয়েছেন রদ্রিগেজ। তার অধিনায়কত্বে দলটি ফাইনালে উঠেছিল, তবে ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া হয় কলম্বিয়ার।
সম্প্রতি কলম্বিয়ার ক্লাব অ্যাতলেটিকো নাসিওনালের সঙ্গে চুক্তি করেছেন রদ্রিগেজ। জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি।
বিদায়বার্তায় রদ্রিগেজ বলেন, "আমি শান্ত হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। কারণ আমি সবকিছু উজাড় করে দিয়েছি। প্রত্যেকটি মুহূর্তের জন্য ধন্যবাদ, ধন্যবাদ কলম্বিয়া।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন