প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থী অফিসারগণ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) চলমান এএফডব্লিউসি-২০২৬ কোর্সের অংশ হিসেবে এই পরিদর্শনের আয়োজন করা হয়েছিল।
এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রশিক্ষণার্থী দলের নেতৃত্ব দেন।
পরিদর্শনকালে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মুশফেকুর রহমান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
সভার শুরুতে ডিআইজি (এইচআর) মোহাম্মদ আশফাকুল আলম বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা ইত্যাদি সম্পর্কে প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে প্রশিক্ষণার্থী অফিসারগণ বাংলাদেশ পুলিশের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সমসাময়িক নানা বিষয়ে পুলিশ কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মো. মুশফেকুর রহমান উল্লেখ করেন, দেশে যেকোনো সংকটকালে সশস্ত্র বাহিনী এবং পুলিশ একসাথে কাজ করে। তিনি আরও বলেন, এ ধরনের পরিদর্শন কার্যক্রমের ফলে সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে বিরাজমান পেশাগত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুসংহত হবে।
উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে আইজিপি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। জানা যায়, পরিদর্শনকারী টিমে ৬২ জন প্রশিক্ষণার্থী অফিসার অন্তর্ভুক্ত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন