প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) হিসেবে পরিচয় দিচ্ছিলেন। তাদের হেফাজতে পাওয়া যায় পোশাক (কটি), ওয়াকিটকি, হ্যান্ডকাফ এবং একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম।
গ্রেপ্তারটি ঘটে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেন থেকে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন ঝালকাঠির নলছিটি পৌরসভার রাজারবাগ গ্রামের মো. সোহেল (৩৫) এবং অপরজন গাজীপুরের জয়দেবপুর থানার আমনা আমতলী গ্রামের মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। বর্তমানে তারা যথাক্রমে রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে একটি চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে তল্লাশির সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে সামনে ও পিছনে ‘RAB’ লেখা ৪টি কালো রঙের কটি, ২টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ, ১টি পিস্তলের কভার, ৯০টি প্লাস্টিক ওয়ার টাই, ১টি ভুয়া র্যাব আইডি কার্ড, ১টি FZ-1 ভার্সন মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫), ১টি ওয়ালটন এবং ১টি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক এ বিষয়ে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন