প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলতি মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এই তথ্যটি আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, অক্টোবর মাসে দেশের বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম হতে পারে। মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর মাসের মধ্যে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে, পুরো মাস জুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, অক্টোবর মাসজুড়ে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে নদ-নদীর পানি সমতল সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ থেকে ৪ মিলিমিটার থাকতে পারে। এ ছাড়া গড় উজ্জ্বল সূর্যকিরণকাল হতে পারে দৈনিক ৪ থেকে ৬ ঘণ্টা।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হয় না। এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা পরবর্তী সময়ের আবহাওয়াগত পরিস্থিতির ওপর নির্ভর করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন