প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁর বদলগাছীতে এক নারীর কপাল ও চোখে হাত দিয়ে অচেতন করে প্রায় দুই ভরি সোনার অলংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে গেছে এক অজ্ঞাত ব্যক্তি। এই ঘটনার পর ভুক্তভোগী নারী বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিনা বেগম (৩৯) উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ী গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
অভিযোগের সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে পরিনা বেগম নিজ বাড়িতে একা ছিলেন।
ঘর খোলা পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি হঠাৎ ভেতরে প্রবেশ করেন। ভুক্তভোগীর দাবি, ওই ব্যক্তি তাঁর কপাল ও চোখে হাত দেওয়ার সাথে সাথে তিনি ঝিমিয়ে পড়েন এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ওই ব্যক্তির নির্দেশ অনুযায়ী তিনি চলতে থাকেন।
এই সুযোগে ওই ব্যক্তি ঘর থেকে প্রায় দুই ভরি সোনার অলংকার এবং নগদ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেন। শুধু টাকা ও গহনাই নয়, সঙ্গে রূপালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি স্বাক্ষর করা ফাঁকা চেক, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), স্কুল সার্টিফিকেট ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে সটকে পড়েন ওই ব্যক্তি।
ঘটনার দিন বিকেল ৫টার দিকে পরিনা বেগমের মেয়ে ফাহিমা বেগম বাড়িতে ফিরে মাকে অসুস্থ ও অচেতন অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং আশপাশে খোঁজাখুঁজি করেন। তবে ওই ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে ভুক্তভোগী পরিনা বেগম বদলগাছী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন