প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার আছাড় দেওয়ার অভিযোগে পুলিশ কর্তৃক এক শিক্ষার্থীর অভিভাবক আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনাটি ঘটে।
আটক হওয়া ব্যক্তির নাম নাহিদ শেখ (৩৫), যিনি পূর্ব রাজদিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির শ্রেণীকক্ষে অবস্থান করছিল। আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে নিজের ছেলে আতিকুর রহমানকে মারধরের সন্দেহে তার বাবা নাহিদ শেখ বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রবেশ করেন। পরে তিনি একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে শ্রেণিকক্ষের ভেতর তিনবার আছাড় দেন।
এ সময় শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীরা ভয়ে চিৎকার করতে শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে ছুটে আসেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তাঁর কক্ষে নিয়ে যান এবং ঘটনার বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম মন্তব্য করেন, আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। এ নিয়ে একজন শিক্ষার্থীর অভিভাবক অন্য শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ঢুকে মারধর করেছেন। বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানিয়ে সমাধানের চেষ্টা না করে এভাবে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর করা ঠিক হয়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অভিভাবককে আটক করে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন