প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ : ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের আঘাত হানার এক মাস পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপ থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের গুজব দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভেনেজুয়েলার সিভিল প্রোটেকশন সংস্থা এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, জীবিত ব্যক্তিদের উদ্ধার হওয়ার দাবী করে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা।’
গত ২৪ জুন ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করার পর অনেক শোকাহত পরিবার এখনও ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া স্বজনদের খুঁজে ফিরছেন।
বার্তা সংস্থা এএফপি ভেনেজুয়েলার কারাবালেদা থেকে এই তথ্য জানিয়েছে।
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর লা গুয়াইরার ওপিপি-২৬ আবাসন কমপ্লেক্স থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ বিভ্রান্তিকর তথ্য নিখোঁজ স্বজনদের পরিবারের জন্য এক কঠিন পরিস্থিতিকে আরও অসহনীয় করে তোলে। খবর শুনে আশায় বুক বেঁধে অনেকেই দ্রুত ঘটনাস্থলে চলে যান।
চোখের পানি মুছতে মুছতে নাইতি সারিয়া এএফপিকে বলেন, ‘এভাবে তথ্য বিকৃত করা উচিত নয়। কারণ এতে মানুষের মনে আশা জাগে। অথচ আপনি যেখানে জানেন, এমন ঘটা অসম্ভব।’
সারিয়া গত এক মাস ধরে তার ৭৪ বছর বয়সী শাশুড়ি ওলগা হার্নান্ডেজকে খুঁজছেন, যিনি ওপিপি-২৬ আবাসন কমপ্লেক্সের ১২ তলা একটি ভবনে বাস করতেন।
তিনি আরও বলেন, ‘সৃষ্টিকর্তার দ্বারা সব কিছুই সম্ভব। তারপরও এখানে যারা আছেন, তাদের অনুভূতি নিয়ে খেলা করা ঠিক নয়। এতে খুব কষ্ট বাড়ে।’
ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছেন প্রায় ১৭ হাজার। উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে ২৩ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ বিপর্যয়ের পর এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন