প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের চলাচলকারী একটি ফেরি থেকে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়ে গিয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী 'কুমিল্লা' নামক ফেরিতে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফেরিটি থামিয়ে ফেরি কর্তৃপক্ষ ওই নারীর উদ্ধার প্রচেষ্টা চালালেও রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ফেরির ভারপ্রাপ্ত মাস্টার আব্দুস ছাত্তার জানান, পাটুরিয়া ৩ নম্বর ঘাট থেকে ছেড়ে যাওয়ার পরে মাঝনদীর লাল বয়ার এলাকায় পৌঁছালে যাত্রীদের কাছ থেকে তিনি জানতে পারেন যে, এক নারী ফেরির পেছনের অংশ থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন। যদিও তিনি নিজে ঘটনাটা প্রত্যক্ষ করেননি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরিটিকে থামিয়ে ফেরি কর্তৃপক্ষ ঘটনাস্থলে ফিরে এসে আলো ফেলে ব্যাপক খোঁজাখুঁজির চেষ্টা করেন, কিন্তু নিখোঁজ নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, ওই নারী একাই ফেরিতে ভ্রমণ করছিলেন। অন্যান্য যাত্রীদের দাবী অনুযায়ী তার সঙ্গে কোনো যাত্রী বা স্বজন ছিলেন না। পরবর্তীতে বিষয়টি দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি কর্তৃপক্ষ এবং নৌপুলিশকে জানানো হয়।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, ফেরি কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকার কারণে অভিযান পরিচালনায় সমস্যা হচ্ছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও স্পিডবোট ব্যবহার করে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
পাটুরিয়া ঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, নিখোঁজ নারীকে উদ্ধারে নৌপুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসাইন জানান, ফেরি থেকে নারী ঝাঁপ দেওয়ার খবর পাওয়ার পরপরই ফেরিটি ঘুরিয়ে অনুসন্ধান কাজ শুরু করা হয় এবং পরে নৌপুলিশকে বিষয়টি জানানো হয়।
অন্যদিকে, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেছেন, দৌলতদিয়া ঘাটে এ ধরনের কোনো ঘটনার কথা তিনি জানেন না।
নিখোঁজ নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন