প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এক মাদক কারবারির গ্রেপ্তার এড়ানোর চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। তিনি নিজের বাড়ির আলমারিতে লুকিয়ে ছিলেন, কিন্তু প্রযুক্তির সাহায্যে পুলিশ তার অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রো-এর প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মাদক কারবারির নাম জোয়েল লুইস।
৩৪ বছর বয়সী লুইস উত্তর-পশ্চিম লন্ডনের ওয়েম্বলিতে বসবাস করতেন। তার বিরুদ্ধে ‘ববি’ নামে একটি মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে। নর্থ কিলবার্ন এলাকায় তার চক্র কোকেন ও হেরোইন সরবরাহ করত।
মাদক সরবরাহের সন্দেহে কয়েকজন শিশুকে আটক করে তাদের মোবাইল ফোন পরীক্ষা করার পর লুইসের চক্রের সন্ধান পায় পুলিশ। এরপর তদন্তের অংশ হিসেবে গত ৭ জুলাই ওয়েম্বলিতে লুইসের বাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশের অভিযান টের পেয়ে লুইস একটি আলমারির ভেতর লুকিয়ে পড়েন। তবে পুলিশ তাকে দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বিস্মিত লুইস পুলিশকে প্রশ্ন করেন, "আপনারা আমাকে কীভাবে খুঁজে পেলেন?"
তদন্তকারীরা জানান, লুইস তার ডিভাইসে ভিপিএন ব্যবহার করে নিজের অবস্থান গোপন রাখতে চেষ্টা করছিলেন। কিন্তু যে ঠিকানায় তিনি অবস্থান করছিলেন, সেখানে একটি পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে তার ডিভাইস সংযুক্ত হয়ে যায়। সেই সংযোগের সূত্র ধরেই পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
অভিযানের সময় লুইসের বাড়ি থেকে আনুমানিক ৮ হাজার ৮০০ পাউন্ড মূল্যের ‘এ’ শ্রেণির মাদক কোকেন ও হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ৮ হাজার পাউন্ড নগদ অর্থ, ছয়টি মোবাইল ফোন, একটি গুলিসহ আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড ৯ মিমি গুলি, একটি মাচেতে ও একটি ফ্লিপ নাইফ জব্দ করা হয়।
জব্দ করা মোবাইল ফোনগুলোর একটি সরাসরি ‘ববি’ মাদক সিন্ডিকেটের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল। লুইসের ফোনের তথ্য বিশ্লেষণ করে প্রায় ২৫০ জন মাদকসেবীর একটি কন্টাক্ট তালিকা পাওয়া যায়। এসব নম্বর থেকে প্রতিদিন তার ফোনে শতাধিক কল আসত বলে তদন্তে জানা গেছে।
তদন্ত কর্মকর্তা গোয়েন্দা কনস্টেবল লরেন গ্রেস্টি বলেন, "নর্থ কিলবার্ন এলাকায় মাদক সরবরাহের কাজে তরুণদের ব্যবহার করতেন লুইস। এর ফলে তারা সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ত।"
কোকেন ও হেরোইন সরবরাহের অপরাধে হ্যারো ক্রাউন কোর্ট জোয়েল লুইসকে ১২ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন