প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের শ্রীপুরে এক রাতের মধ্যে শেয়ালের কামড়ে নারী, পুরুষ এবং শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। আক্রমণের ফলে যারা আহত হয়েছেন, তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার(১১ জুলাই) রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা এবং শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় শেয়াল আক্রমণের ঘটনা ঘটে।
শেয়ালের কামড়ে আহতদের মধ্যে মো. আকাশ(১৩), নাঈম(১১), মাজেদা(৪৫), রোজিনা(৩৬), হেলেনা আক্তার (৪০), আশরাফুল ইসলাম (২৬), শেফালী(৩৪), সাইফুন্নাহার(২৩) এবং আরাফ (১৪) উল্লেখযোগ্য। তবে আহত অন্যান্যদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
ভাংনাহাটি গ্রামের বাসিন্দা উজ্জ্বল মিয়া জানিয়েছেন, শ্রীপুর উপজেলার আশপাশের এলাকায় শাল-গজারি বনে ঘেরা অবস্থায় রয়েছে। ওই বনগুলোতে বিভিন্ন পশু, প্রাণী ও পাখির বসবাসের অযোগ্য পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। প্রায়ই শেয়াল বন ছেড়ে লোকালয়ে চলে আসে। গতকাল রাতে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি কামিল মাদ্রাসার পাশে একটি বসতঘরে ঢুকে শেয়াল দুই নারীকে কামড়িয়ে আহত করেছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল রাতে শেয়ালের কামড়ে আহত ১৪ জন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাদের মধ্যে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা, ক্ষত পরিষ্কার করা এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন বলেছেন, সম্প্রতি বেশ কয়েক দিন ধরে টানা বৃষ্টির ফলে বনের শেয়ালের গর্তে পানি প্রবেশ করেছে। এর ফলে খাদ্য সংকট দেখা দেয়ায় শেয়াল স্থানীয় এলাকায় চলে আসছে। তিনি জানান, লোকালয়ে আসা বন্য প্রাণীর আচরণ অস্বাভাবিক মনে হলে, প্রাণীকে উত্ত্যক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। শেয়ালের কামড় বা আঁচড়ের পর অবশ্যই জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করার বিষয়ে পরামর্শ দেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন