প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানে সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) ভোরে শহরের দক্ষিণাঞ্চলে, জেবেল আলি শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় এই বিস্ফোরণের ঘটনার তথ্য পাওয়া যায়, যা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এসব ভিডিও প্রকাশিত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, অল্প সময়ের ব্যবধানে পরপর অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।
মেহর নিউজের রিপোর্ট অনুযায়ী, ঘটনাস্থলের ভিডিও ধারণের কারণে দুজনকে আটক করা হয়েছে। যদিও এই বিষয়টি সম্পর্কে আমিরাত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, কয়েকটি ইরাকি সংবাদমাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মাঝে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে আমিরাতের সরকারি বা মূলধারার কোনো সংবাদমাধ্যম ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেনি।
অন্যদিকে, নাসার তাপীয় উপগ্রহ চিত্রে জেবেল আলি বন্দরের পাশের একটি গুদাম এলাকায় আগুনের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই গুদামটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো।
এ ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আবাসিক এলাকার কাছাকাছি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার পুরো সময়জুড়ে সংযুক্ত আরব আমিরাত উচ্চ সতর্কতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় অতীতে বিভিন্ন সময়ে দেশটি সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার লক্ষ্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণের কারণ ও আটক সংক্রান্ত কয়েকটি দাবি এখনো স্বাধীনভাবে যাচাই হয়নি। এ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন