প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ সম্প্রতি প্রকাশিত হয়েছে।
মর্যাদাপূর্ণ এই র্যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় যৌথভাবে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। যদিও বিশ্ববিদ্যালয়টি টানা চতুর্থবার একই অবস্থানে রয়েছে, তবে কিছু সূচকে অগ্রগতি লক্ষ্য করা গেছে। এবারের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি।
র্যাঙ্কিংয়ের তালিকা অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় চতুর্থবারের মতো এই র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়টি ১০০১ থেকে ১২০০-এর মধ্যে অবস্থান করছে, যা দেশের মধ্যে দ্বিতীয় অবস্থান। গত বছরের তুলনায় এবছর সূচকগুলোতে উন্নতি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
গবেষণার পরিবেশ সূচকে গত বছরে ৯.৯ ছিল, বর্তমানে তা ১২.১-এ উন্নীত হয়েছে। শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকে গত বছর ২২.১ ছিল, বর্তমানে তা ২২। শিক্ষা সূচকে গত বছরে ১৬.৫ ছিল, বর্তমানে ১৫.৭। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে গত বছরে ৪২ ছিল, বর্তমানে ৪২.৩। গবেষণার মান সূচকে গত বছরে ৭৭ ছিল, বর্তমানে ৭৭.৯।
র্যাঙ্কিং অনুযায়ী, ৮০১ থেকে ১০০০ অবস্থানে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেগুলো হলো- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০-এর মধ্যে থাকলেও এ বছর পিছিয়ে পড়েছে।
এদিকে, ১০০১ থেকে ১২০০ অবস্থানে দেশের আরও আটটি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এছাড়া, ১২০১ থেকে ১৪০০ অবস্থানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে।
উল্লেখযোগ্য যে, বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের র্যাঙ্কিং করে থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন