প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাম, ঠিকানা ও জন্মতারিখ ভিন্ন থাকলেও ৯৩টি জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) একই ব্যক্তির ছবি ব্যবহৃত হয়েছে। নেত্রকোনায় রবিউল ইসলাম ওরফে রনি (২১) নামে এক তরুণকে জাল এনআইডি তৈরির অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শহরের মোক্তারপাড়ার দত্ত মার্কেটের সিদ্দিক কর্নার ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে সাতটি জাল এনআইডি, ছয়টি এনআইডির পেছনের অংশ এবং মুঠোফোনে থাকা ৮০টি জাল এনআইডির সফট কপি উদ্ধার করা হয়েছে।
ডিবি জানায়, উদ্ধারকৃত এনআইডিগুলোতে ভিন্ন ভিন্ন নাম, বাবার নাম, জন্মতারিখ, পরিচয় নম্বর ও ঠিকানা ব্যবহার করা হলেও ছবিটি একই। ছবির শার্টের রং ছাড়া অন্য কোনো পার্থক্য নেই। সফট কপিগুলোতেও ভিন্ন পরিচয় ও ঠিকানা রয়েছে।
রবিউলের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। নেত্রকোনায় স্ত্রীর কাছে গিয়ে তিনি জাল এনআইডি প্রিন্ট করার জন্য দোকানে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন আইনে করা মামলায় বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করছেন জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী রানা।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন মন্তব্য করেন, একজনের একাধিক এনআইডি করার সুযোগ নেই। এ ধরনের জালিয়াতি নির্বাচন কমিশনের সার্ভারে শনাক্ত হয়। মামলার ধারায় অনধিক দুই বছরের কারাদণ্ড, ৪০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন