প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সামান্য বৃষ্টির কারণে বিদ্যালয়ের খেলার মাঠ পানিতে তলিয়ে যায়। বর্ষা মৌসুম শেষ হওয়ার পরও মাঠজুড়ে কয়েক মাস ধরে পানি জমে থাকে। বছরের প্রায় ছয় মাস মাঠটি পানির নিচে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে বিদ্যালয়ে যাতায়াত ও স্বাভাবিক কার্যক্রমের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
এমন পরিস্থিতি দেখা গেছে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ১২৫ নম্বর চন্দ্রপাড়া সর্দার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৩৩ শতাংশ বলে জানা গেছে। এর মধ্যে প্রায় ২০ শতাংশ জমি মাটি বা বালু দিয়ে ভরাট করা প্রয়োজন। মাঠটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন অংশে পানি জমে যায়। বর্ষা মৌসুমে এবং মৌসুম শেষ হওয়ার পরও দীর্ঘদিন পানি আটকে থাকায় মাঠটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এর ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ ব্যাহত হচ্ছে, পাশাপাশি বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।
দীর্ঘ সময় পানি জমে থাকার কারণে মাঠে মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। এতে শিক্ষার্থীদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে যাতায়াতেও ভোগান্তি হচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। একসময় বিদ্যালয়ে প্রায় ১৮০ জন শিক্ষার্থী ছিল, বর্তমানে সেই সংখ্যা ১১৫ জনে নেমে এসেছে।
বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি। বিদ্যালয়ের পক্ষ থেকে মাঠটি মাটি দিয়ে ভরাট করে উঁচু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এতে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ চলাচল, খেলাধুলা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পরিবেশ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তাহিদা বেগম বলেন, "মাঠটি নিচু হওয়ায় হালকা বৃষ্টিতেই পানি জমে যায়। বর্ষা মৌসুমে দীর্ঘ সময় মাঠ পানির নিচে থাকে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া, খেলাধুলা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাঠটি মাটি দিয়ে ভরাট করা হলে শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে।"
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান জানান, এ বিষয়ে উপজেলা প্রশাসন তাকে আশ্বস্ত করেছে। শিগগিরই বিদ্যালয়ের মাঠটি মাটি দিয়ে ভরাট করে দেওয়ার ব্যবস্থা করা হবে।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, "জলাবদ্ধতার কারণে বিদ্যালয়টির শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হচ্ছে— বিষয়টি আমি অবগত আছি। সামর্থ্যের মধ্যে থেকে শিক্ষার্থীদের চলাচলের জন্য কোনো ব্যবস্থা করা যায় কি না, সে চেষ্টা করা হবে।"
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সমস্যা থাকলেও এর স্থায়ী সমাধান হয়নি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি প্রয়োজনীয় মাটি দিয়ে মাঠটি উঁচু করা হলে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও খেলাধুলার পরিবেশ ফিরে আসবে। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও বাড়বে বলে আশা তাদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন