প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে আরো শক্তিশালী টাইফুন বাভি চীন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, ১৯৮৭ সালের পর এটি সবচেয়ে বড় আকারের টাইফুন হতে পারে। সম্ভাব্য বিপর্যয়ের মোকাবেলায় চীন ও তাইওয়ান ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তাইওয়ানে ২৯ হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টাইফুন বাভি সাম্প্রতিক বছরের মধ্যে একটি বিধ্বংসী ক্রান্তীয় ঝড় হতে পারে। এটি আঘাত হানতে প্রস্তুত হচ্ছে, যখন টাইফুন মায়সাকের ক্ষতি কাটিয়ে উঠছে চীনের বিভিন্ন অঞ্চল।
তাইওয়ানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী তাইপের আশেপাশে উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য বিপর্যয়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৯ হাজার সেনাকে প্রস্তুত রেখেছে। কর্তৃপক্ষের ধারণা, ২০২৪ সালের কং রে টাইফুনের পর এটি তাইওয়ানে আঘাত হানা অন্যতম শক্তিশালী ঝড় হবে। ওই টাইফুনে তিনজনের মৃত্যু হয়েছিল। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ১৯৮৭ সালের পর এটি হতে পারে সবচেয়ে বড় টাইফুন যা তাইওয়ানে আঘাত হানছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, টাইফুন বাভি প্রায় এক হাজার কিলোমিটার আয়তনের মধ্যে উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে আগামী শনিবার সন্ধ্যে নাগাদ চীনের পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের পূর্বাভাস কর্মকর্তা জেসন চ্যাং রয়টার্সকে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে এত বড় আকারের ঝড় খুব কমই দেখা গেছে। তিনি মনে করেন, এটি ১৯৮৭ সালের পর দ্বিতীয় সর্ববৃহৎ ঝড় হতে পারে যা তাইওয়ানে আঘাত হানছে।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে টাইফুন মায়সাকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংসি অঞ্চলে অন্তত ৩৯ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনও নয়জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে চীন, জাপান এবং তাইওয়ান ক্রমশ আরো শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে পড়ছে। এ বছর এল নিনোর প্রভাব অনুভূত হতে পারে, যার কারণে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহাওয়ার এই অবস্থান আরো ঘন ঘন এবং শক্তিশালী টাইফুন সৃষ্টিতে সহায়ক হতে পারে।
বাণিজ্যিক আবহাওয়া পূর্বাভাস প্রতিষ্ঠান অ্যাকুওয়েদারের বিশেষজ্ঞ জেসন নিকোলস বলেন, বৃহস্পতিবার থেকে বাভির বাতাসের গতি কিছুটা কমবে। তবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তাইওয়ান ও পূর্ব চীনে এটি একটি বিপজ্জনক ঝড় হিসেবেই আঘাত হানবে।
অন্যদিকে, শুক্রবার ও শনিবার জাপানের ওকিনাওয়া অঞ্চলে প্রবল বাতাস, ভূমিধস, বন্যা এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।
বেইজিং নিউজ জানিয়েছে, টাইফুন মায়সাকের প্রভাবে বিনইয়াং কাউন্টির একটি খামারে দুই দিন পানির নিচে থাকার পর অনেকগুলো শূকর মারা গেছে।
গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, গুয়িগাং চিড়িয়াখানার বন্যার পানিতে তিনটি সিংহ মারা গেছে। এছাড়াও দুটি জেব্রা, চারটি সজারু, অসংখ্য টিয়া পাখি এবং উত্তর আমেরিকার দুটি র্যাকুনসহ প্রায় ১০০টি প্রাণী এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালনাকারী ওয়াং লিয়ুয়ান।
ধেয়ে আসা টাইফুনের কারণে জাপান এয়ারলাইন্স শুক্রবারের ৪৮টি অভ্যন্তরীণ ও দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। এতে প্রায় ৭ হাজার ৬১০ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অল নিপ্পন এয়ারওয়েজও শুক্রবার ৩৪টি এবং শনিবার ৩৩টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। ফলে দুই দিনে প্রায় ৭ হাজার ৭০০ জন যাত্রী ভোগান্তিতে পড়বেন।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ঘূর্ণিঝড় বিষয়ক গবেষক শিয়াংবো ফেং বলেন, বাভি দীর্ঘ সময় ধরে উন্মুক্ত প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানির ওপর অবস্থান করায় প্রচুর শক্তি ও আর্দ্রতা সঞ্চয় করেছে। তিনি উল্লেখ করেন, উপকূলে আঘাত হানলেই এর ক্ষয়ক্ষতি ভয়াবহ হতে পারে এবং ঝড়ের গতিপথে সামান্য পরিবর্তনও ক্ষয়ক্ষতির মাত্রায় বিশাল প্রভাব ফেলতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন