প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ফাঁসের ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল গত ৮ জুলাই চূড়ান্ত করা হয়। ফলাফল ওয়েবপোর্টালে আপলোড করতে প্রয়োজনীয় লিংক তৈরির জন্য অধিদপ্তরের সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে দায়িত্ব দেওয়া হয়।
এতে আরও বলা হয় যে, ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের আগে তা ওয়েবপোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকসমূহে আপলোড করা হয়। এ লিংকগুলো অল্প সময়ে সচল থাকায় সাধারণ ব্যবহারকারীরা সেখানে থেকে ফলাফল ডাউনলোড করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল।
কমিটির অপর দুজন হলেন সদস্য অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন এবং সদস্যসচিব প্রশাসন-২-এর সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।
জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার (৯ জুলাই)। কিন্তু কারিগরি ত্রুটির কারণে এই ফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে বৃত্তি পরীক্ষার ফলাফলের খণ্ডিত অংশ ছড়িয়ে পড়েছে।
অনেক শিক্ষক এবং অভিভাবক এই ফলাফল শেয়ার করে নিজের ছাত্র-ছাত্রী কিংবা সন্তানদের শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু, এই ফল সঠিক নাকি ভুয়া, তা নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন