প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
কিন্তু জয়ের উচ্ছ্বাসের মধ্যেই নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছে লিওনেল স্ক্যালোনির দল। ম্যাচ শেষে মাঠে প্রদর্শিত একটি পতাকাকে ঘিরে ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে আলোচনা শুরু হয়েছে।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জয়ের পর আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানি লো সেলসোর হাতে দেখা যায় একটি পতাকা। পতাকায় লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’—অর্থাৎ ‘মালভিনাস আর্জেন্টিনার’। পরে ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও তার পাশে দাঁড়ান। কিছু সময়ের জন্য পতাকাটি সরিয়ে রাখা হলেও পরে সেটি আবার মাঠে প্রদর্শন করা হয়।
‘লাস মালভিনাস’ নামটি আর্জেন্টিনায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের জন্য ব্যবহৃত হয়। তবে দ্বীপটি বর্তমানে ব্রিটিশ নিয়ন্ত্রণে রয়েছে এবং এর মালিকানা নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর ফলে এই বার্তাকে রাজনৈতিক হিসেবে দেখা হতে পারে।
ফিফা ও আইএফএবির নিয়ম অনুযায়ী, মাঠে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তাসংবলিত পতাকা, ব্যানার কিংবা প্রতীক প্রদর্শন নিষিদ্ধ। এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট খেলোয়াড়, দল বা জাতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
সাধারণ নিয়ম অনুযায়ী ম্যাচ কমিশনার, রেফারি ও নিরাপত্তা কর্মকর্তাদের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করবে ফিফা। এরপর প্রয়োজন মনে করলে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু হতে পারে। এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানান হয়নি।
আগামী রোববার (১৯ জুলাই) স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে তাই মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রশাসনিক দিক থেকেও অনিশ্চয়তার মুখে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন