প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল। দ্বিতীয় ম্যাচেও জয় ধরে রেখেছে স্বাগতিক দল। এবারও ৭ উইকেটের জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দল।
টস হেরে প্রথমে ব্যাটিং শুরু করে আফগানিস্তান। শুরুতেই বিপদে পড়ে তারা। আগের ম্যাচের মতো এবারও ইনিংসের শুরুতে শূন্য রানে সাজঘরে ফিরে যান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এরপর অধিনায়ক ইব্রাহিম জাদরানের ৩৭ রানের সঙ্গে রশিদ খান ও মোহাম্মদ নবীর কার্যকর ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় আফগানরা।
রশিদ ১৬ বলে ২৮ এবং নবী ১৪ বলে ২০ রান করেন। তাদের ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে আফগানিস্তান।
ভারতের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডি। তিনি মাত্র ৩ ওভারে ২৪ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
জবাবে ১৬০ রানের লক্ষ্য তাড়ায় ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। উদ্বোধনী জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। মাত্র ৩৮ বলে দুজন মিলে গড়েন ৮৮ রানের ঝড়ো জুটি।
স্যামসন মাত্র ২০ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক। তিনি শেষ পর্যন্ত ২২ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। অন্যদিকে অভিষেক শর্মা ১৯ বলে করেন ৩৯ রান।
পাওয়ার প্লেতে ৮২ রান তুলে ম্যাচ জয়ের ভিত গড়ে ফেলে ভারত। দুই ওপেনার ফেরার পর ক্রিজে এসে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। তিনি ১১ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর ইশান কিষাণ ও তিলক ভার্মা দায়িত্ব নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ইশান ৩৮ এবং তিলক ১৫ রানে অপরাজিত থাকেন।
শেষ পর্যন্ত ৭ উইকেটের জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় ভারত। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন নিতীশ কুমার রেড্ডি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন