প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে দুই দিন নিখোঁজ থাকার পর আবুল হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) সকাল ৯টা নাগাদ উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকা থেকে আবুল হোসেনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট মর্গে মরদেহটি পাঠানো হয়েছে।
নিহত আবুল হোসেন ছিলেন একলাশপুর ইউনিয়নের মৃত বাবুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, আবুল হোসেনের ভাইয়েরা প্রবাসে রয়েছেন এবং তিনি বেকার ছিলেন। শুক্রবার রাতে তাঁর বাড়িতে এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেই রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রবিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। এরপর বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী, আবুল হোসেন মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। দুই দিন পানিতে থাকার কারণে মরদেহ ফুলে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন