প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে একটি বিরল প্রজাতির মৃত সামুদ্রিক ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ মাছ ভেসে এসেছে। স্থানীয়ভাবে এই মাছটিকে ‘জ্যাকেট মাছ’ এবং কিছু কিছু জায়গায় ‘পটকা মাছ’ নামেও পরিচিত। রোববার (১৯ জুলাই) শেষ বিকেলে কুয়াকাটার চর গঙ্গামতী সৈকতে মাছটিকে আব্দুল জলিল নামের একজন স্থানীয় ব্যক্তি দেখতে পান। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি হয় এবং তারা মাছটি দেখতে ভিড় জমাতে শুরু করেন। মাছটির প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল জানান, তিনি বিকেলে মোটরসাইকেলে চর গঙ্গামতী এলাকায় যাওয়ার সময় সমুদ্রের তীরে বালুর ওপর এই অদ্ভুত আকৃতির মৃত মাছটি পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্চে যে আগের রাতের জোয়ারের পানির কারণে এই মাছটি সৈকতে ভেসে এসে আটকে পড়েছিল। স্থানীয় পর্যটক ও পরিবেশকর্মী কে এম বাচ্চু জানান, সম্ভবত রাতের জোয়ারের পানির ফলে মাছটি ভেসে এসেছে। তিনি বলেছেন, আমাদের এলাকায় এর আগে কখনো এই ধরনের মাছ দেখা যায়নি। বিষয়টি সত্যিই এক ধরনের ব্যতিক্রমী ও বিস্ময়কর ঘটনা। বিশেষজ্ঞদের মতে, ফাইলফিশের শরীর চ্যাপটা এবং চামড়া খসখসে ও চামড়ার জ্যাকেটের মতো শক্ত। এ কারণে মাছটির নাম দেওয়া হয়েছে ‘লেদারজ্যাকেট’। এর বৈজ্ঞানিক নাম আলুটেরাস মোনোসেরাস। এই মাছের মাথার ওপর একটি ছোট ও পাতলা কাঁটা থাকে। মূলত এরা গভীর সমুদ্রে বসবাস করে এবং সমুদ্রের তলদেশের শৈবাল, স্পঞ্জ, জেলিফিশ, ছোট ক্রাস্টেশিয়ান, চিংড়ি, শামুক ও অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী খেয়ে টিকে থাকে। ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, এটি একটি ইউনিকর্ন লেদারজ্যাকেট বা ফাইলফিশ। এটি মূলত গভীর সমুদ্রের মাছ। সামুদ্রিক পরিবেশগত পরিবর্তন, ঝড়ো আবহাওয়া, সমুদ্রের স্রোতের পরিবর্তন কিংবা অসুস্থতার কারণে মাঝে মধ্যে এই ধরনের মাছ উপকূলে মৃত অবস্থায় ভেসে আসতে পারে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছটি ফাইলফিশ প্রজাতির বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। উপকূলে এমন বিরল সামুদ্রিক প্রাণী ভেসে এলে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করা অত্যন্ত জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন