প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় পাল্টা সামরিক অভিযান শুরু করেছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ‘শত্রু ঘাঁটি’ লক্ষ্য করে তারা ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ জানাচ্ছে, দেশের সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবার বড় পরিসরে ‘শত্রু ঘাঁটি’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা পরিচালনা করেছে।
সংবাদমাধ্যমটি জানাচ্ছে, একজন ইরানি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে, গত ৪৮ ঘণ্টায় ‘শত্রুপক্ষের গতিবিধি’ পর্যবেক্ষণ করে চিহ্নিত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি একটি বিবৃতির মাধ্যমে দাবি করেছে, তারা জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। বলাহয়, হামলায় ঘাঁটিটির একাধিক জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।
আইআরজিসি জানাচ্ছে, এটি ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া হিসেবে তাদের প্রতিশোধমূলক অভিযানের প্রথম ধাপ।
একটি পৃথক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় ধাপে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির একাধিক স্থাপনায় হামলা পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বিমানঘাঁটির হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি পি-৮ নজরদারি বিমান রাখা হ্যাঙ্গার এবং যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্যে তারা হামলা চালিয়েছে।
আইআরজিসি জানাচ্ছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় এই হামলা হয়েছে। তাদের প্রতিশোধমূলক অভিযান এখনও অব্যাহত রয়েছে।
এছাড়া, কুয়েতের দুটি বিমানঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হামলায় কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে থাকা জ্বালানি সংরক্ষণ ট্যাংক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পাশাপাশি আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে থাকা একটি কৌশলগত এফপিএস রাডার সিস্টেমেও হামলা চালানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন