প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে ৩৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার (১৮ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনাকে শান্তিকালীন সময়ে সশস্ত্র বাহিনীর জন্য একটি মারাত্মক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন।
আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ জানিয়েছেন, আহতদের প্রদেশের চারটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এডমন্টন শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ওয়েনরাইট সামরিক ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কর্তৃপক্ষ আগুনের খবর পায়। পরে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রশিক্ষণ এলাকার সীমানা অতিক্রম করে যায়।
মেজর জেনারেল এল ডব্লিউ রাটল্যান্ড জানিয়েছেন, অস্বাভাবিকভাবে জোরালো বাতাসের কারণে আগুন দ্রুত দিক পরিবর্তন করে ঘাঁটির প্রশাসনিক এলাকার দিকে ছড়িয়ে পড়ে। মাত্র ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে আগুন এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যা ছিল অত্যন্ত অস্বাভাবিক।
আগুন নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক উদ্ধারকর্মীরাও সারা রাত কাজ করেছেন। আহতদের সহায়তায় এডমন্টন ও সাসকাটুন থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
ঘটনার তদন্ত করছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
প্রধানমন্ত্রী কার্নি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। সূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন