প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন মন্তব্য করেছেন যে, দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের ওপর নির্ভর করে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের শুরুতেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করে জ্ঞান, মেধা ও দক্ষতা অর্জনে মনোনিবেশ করতে হবে। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং কর্মজীবনের প্রস্তুতির ওপরও গুরুত্ব দিতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২১তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখার উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কারিগরি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্স, ন্যানোটেকনোলজি সহ আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের সুযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে পড়াশোনার পাশাপাশি কর্মজীবনের প্রস্তুতিও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বাংলাদেশের বিশাল তরুণ জনগণের একটি গুরুত্বপূর্ণ মানবসম্পদ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যদি যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলা যায়, তবে তারা দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। একই সঙ্গে বৈশ্বিক কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগও সৃষ্টি হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে নিতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম, মেধা ও পরিশ্রমের সমন্বয়ে নিজেদের যোগ্য মানবসম্পদ হিসেবে প্রস্তুত করার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় থাকতে হবে।
শিক্ষাব্যবস্থায় গুণগত ও সময়োপযোগী পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারেও প্রশিক্ষিত করে তুলতে হবে।
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ পরিচালনায় ভূমিকা রাখবে উল্লেখ করে নবীনদের নিজেদের মেধা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এ সময় ছাত্রদলের জবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন