প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের বাকেরগঞ্জে রাতের অন্ধকারে খাবারের সঙ্গে বা স্প্রে ব্যবহার করে চেতনানাশক প্রয়োগের মাধ্যমে দুই পরিবারের ১০ জন সদস্যকে অসুস্থ করে একটি চুরির ঘটনা ঘটেছে।
এই ঘটনা ঘটে বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারিকাঠী গ্রামের দুটি আলাদা বাড়িতে।
অসুস্থদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনটি শিশু রয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার রাতে দুর্বৃত্তরা সুকৌশলে গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারিকাঠী গ্রামের ফারুক খান মাস্টারের ঘরে চেতনানাশক প্রয়োগ করে। এর ফলে রাত ৯টার পর থেকে এক শিশুসহ পরিবারের ৩ জন অচেতন হয়ে যায়।
অন্যদিকে, একই রাতে পার্শ্ববর্তী সুখী নীলগঞ্জ এলাকার আব্দুল খানের বাড়িতেও একই কায়দায় চেতনানাশক ব্যবহার করে দুষ্কৃতকারীরা। সেখানে পরিবারের ৭ জন সদস্য জ্ঞান হারিয়ে ফেলেন।
পরদিন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে স্বজন ও প্রতিবেশীরা তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। দুর্বৃত্তরা আব্দুল খানের বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকা, সোনার চেইন ও কানের দুলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, চেতনানাশকের কারণে রোগীরা অসুস্থ হয়ে পড়েছেন। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন এবং হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন