প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরিয়ার উত্তরাঞ্চলীয় ঐতিহাসিক শহর আলেপ্পোর একটি সেনাঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের ফলে পুরো এলাকা একের পর এক বিকট শব্দে কেঁপে উঠেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে, যা দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত হয়েছে।
সিরিয়ার প্রভাবশালী বার্তা সংস্থা সানা জানায়, আলেপ্পোর আল-এইস শহরের নিকটে অবস্থিত সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হঠাৎ করে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্তের আওতায় আনা হয়েছে।
জরুরি পরিষেবা সংস্থা আল-ইখবারিয়াকে আলেপ্পোর সিভিল ডিফেন্স অপারেশনের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানান, দীর্ঘ সময় ধরে একের পর এক বিস্ফোরণের কারণে উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। নিরাপত্তার স্বার্থে সাধারণ জনগণকে ওই এলাকা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভাঙে এবং বাসাবাড়ির ছাদ থেকে দূরে আগুনের বিশাল লেলিহান শিখা দেখতে পান। উদ্ভূত পরিস্থিতিতে আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেছেন। পাশাপাশি সব হাসপাতাল ও অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড ইতিমধ্যে বিস্ফোরণস্থলে যাওয়ার সব রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে।
এটি উল্লেখযোগ্য যে, দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়া ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাওয়ার চেষ্টা করলেও সম্প্রতি দেশের বিভিন্ন সামরিক স্থাপনায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর আগে গত শুক্রবার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের একটি সেনাঘাঁটিতে বিস্ফোরণে ১১ জন নিহত হন। এছাড়া চলতি মাসের শুরুতে ইদলিব প্রদেশের একটি অস্ত্রগুদামে ঘটে যাওয়া প্রাণঘাতী বিস্ফোরণে ১৪ জন প্রাণ হারান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন