প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়ে গেছে। চার দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সন্ধ্যার দিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কাশিনগর আল আমিন মাদরাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ দুই শিক্ষার্থীর বাড়ি কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার কাশিনগর আল আমিন মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বিকেল পেরিয়ে রাত হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে চারদিনেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় মাহিমা আক্তার মাহির মা তাছলিমা আক্তার চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তাছলিমা আক্তার গণমাধ্যমকে জানান, "বৃহস্পতিবার মাহি সহপাঠী তানিশা আক্তারের সঙ্গে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ পর্যন্ত সম্ভাব্য অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করেছি। কোথাও হদিশ মিলছে না। একইভাবে তানিশার পরিবারও উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। আমরা প্রশাসনের সহায়তা চাই।"
কাশিনগর আল আমিন মাদরাসার অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, "গত বৃহস্পতিবার তারা মাদরাসায় উপস্থিত হয়নি। তাদের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি, তারা দুজন মাদরাসায় আসার পথে নিখোঁজ হয়েছে।"
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন গণমাধ্যমকে জানান, "রোববার বিকেলে দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন