প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া আর্লিং হালান্ডের নেতৃত্বাধীন নরওয়েকে ২-১ গোলে পরাজিত করেছে পর্তুগাল। অসলোতে অনুষ্ঠিত নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে ছিলেন পর্তুগিজ তারকা। তার পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস গোল করে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে শুরু করে পর্তুগাল। ১৭তম মিনিটে পেদ্রো নেতোর ক্রস থেকে নিচু কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। আগের ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোল করে জয় নিশ্চিত করেছিলেন এই ফরোয়ার্ড।
তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই ম্যাচে ফেরে নরওয়ে। ৫১তম মিনিটে গোল করে ব্যবধান সমতায় ফেরান আর্লিং হালান্ড। এটি ছিল নেশনস লিগে তার ২২তম গোল। এই গোলের মাধ্যমে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদো ও সার্বিয়ার আলেক্সান্দার মিত্রোভিচের চেয়ে সাত গোল এগিয়ে গেলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
হালান্ডের গোলের মাত্র তিন মিনিট পর পর্তুগাল আবারও এগিয়ে যায়। নরওয়ের গোলরক্ষক ওরজান নিল্যান্ডের ভুল পাস কেড়ে নিয়ে গোল করেন গনসালো রামোস। শেষ পর্যন্ত তার সেই গোলই ম্যাচের ফলাফল নির্ধারণ করে।
দ্বিতীয়ার্ধে রামোস আরও একটি গোল করেন। নিল্যান্ডের আরেকটি ভুলের সুযোগ নিয়ে বল জালে পাঠান তিনি। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে রামোস মন্তব্য করেন, "প্রত্যেক মুহূর্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি ডাক পেলে কী করতে পারি এবং দলে কী অবদান রাখতে পারি, সেটা দেখানো। এটা ছিল দলের জন্য আমার নিদর্শন, শুধু গোল নয়, মাঠে আমি যা করি সবকিছুই।"
এদিকে, পর্তুগালের হয়ে ওয়েলসের বিপক্ষে শুরুর একাদশে থাকা রোনালদো এবার পুরো ম্যাচই কাটিয়েছেন বেঞ্চে। আগের ম্যাচে তাকে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।
এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, যারা ২-০ গোলে ওয়েলসকে পরাজিত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন