প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচদিনের ছুটি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পূজার দুই দিনের ছুটির পাশাপাশি সাপ্তাহিক ছুটির মধ্যবর্তী দিনটিতে নির্বাহী আদেশের মাধ্যমে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে।
এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশের মাধ্যমে ছুটি থাকবে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটির দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পরবর্তী দিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকার কথা থাকলেও, সরকার ওই দিনটিতেও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার পরিকল্পনা করছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিনের ছুটির সুবিধা পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ২২ অক্টোবর নির্বাহী আদেশের মাধ্যমে ছুটি ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে এবং সেখানে অনুমোদন পেলে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ২২ অক্টোবরের অর্জিত ছুটির সমন্বয় হিসেবে পরবর্তী যেকোনো একটি ছুটির দিনে (শনিবার) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে কাজ করতে হবে। এই শর্ত যুক্ত করেই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন