প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি ছোট পিক-আপ গাড়ির চাপায় অন্তত আটজন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এছাড়া, দুর্ঘটনায় আরও ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। জানা গেছে, ১১ বছর বয়সি এক শিশু গাড়িটি চালাচ্ছিল।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২ জুলাই) থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহানে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, শিশুটি তার বাবার গাড়িটি চুরি করে নিয়ে যায় এবং প্রায় ৩০ জন ভিক্ষুর একটি মিছিলের মধ্যে গাড়িটি চালায়।
রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাহানে রাস্তার পারে হাঁটতে থাকা ভিক্ষু ও অনুগামীদের দলের সাথে এই ঘটনা ঘটে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দুর্ঘটনার প্রায় ৩০ মিনিট পূর্বে তারা উবন রাতচাতানি প্রদেশের উদ্দেশে ২৬০ কিলোমিটার দীর্ঘ পথ হাঁটা শুরু করেছিলেন।
রুয়াম জাই মুকদাহান রেসক্যু অ্যাসোসিয়েশন নামক একটি স্থানীয় উদ্ধারকারী দলের শেয়ার করা নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, গাড়িটি ধাক্কা দেওয়ার ঠিক আগে ভিক্ষুরা রাস্তার পাশে এক সারিতে হাঁটছিলেন।
অনলাইনে স্থানীয় উদ্ধারকর্মীদের পোস্ট করা একটি ভিডিওতে ফরা সোমপং নামে পরিচিত একজন ভিক্ষু বলেন, ‘আমি দেখলাম একটি ছেলে একটি পিক-আপ ট্রাক চালিয়ে আসছে। সেই মুহূর্তে আমি ‘বুদ্ধো, বুদ্ধো’ (একটি ধ্যানের মন্ত্র) জপ করছিলাম।’
তিনি আরও বলেন, ‘তারপর হঠাৎ ট্রাকটি পুরো গতিতে এসে এইভাবে আমাদের ধাক্কা দেয়।’ তিনি জানান, ‘সারিতে থাকা প্রথম নয়জন ভিক্ষু বেঁচে যান। কিন্তু বাকিরা যারা ধাক্কা খেয়েছিলেন, তারা শূন্যে ছিটকে পড়েন।’ পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মুকদাহান হাসপাতালে চারজন ভিক্ষু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন সামান্য আঘাতের জন্য চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ছেলেটি তার বাবা-মায়ের অনুমতি ছাড়াই পিক-আপ ট্রাকটি নিয়েছিল এবং পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভিক্ষুদের ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, ছেলেটি এখন পুলিশি হেফাজতে আছে এবং রাষ্ট্রীয় শিশু সুরক্ষা কর্মকর্তারা পৌঁছালে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মুকদাহান প্রাদেশিক পুলিশের কমান্ডার মেজর জেনারেল পাইরোজ থাইফুৎসা সাংবাদিকদের বলেন, ‘সন্দেহভাজন একজন শিশু। দুর্ঘটনার কারণ জানতে গাড়িটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা শিশুটির বাবা-মাকে আসতে বলেছি, যাতে আমরা শিশুটির দেখভালের দায়িত্বে কে আছে তা নির্ধারণ করতে পারি এবং আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারি।’
থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা অত্যন্ত শ্রদ্ধেয় এবং বুদ্ধের শিক্ষা সংরক্ষণ ও প্রচারের দায়িত্বে নিয়োজিত। তারা প্রায়শই জনসমক্ষে শোভাযাত্রা করেন এবং সাধারণ থাই নাগরিকদের কাছ থেকে শুভেচ্ছার দান গ্রহণ করতে দেখা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন