প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় একটি সেতুর মাঝের অংশে ফাটল দেখা দিয়েছে। একটি পিলারও দেবে গেছে। প্রতিদিন ১৬ গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে ভাঙা সেতু দিয়ে চলাচল করছেন। স্থানীয়রা শঙ্কিত, যেকোনো সময় সেতুটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
১৯৯০ সালে দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের হরিনাবাজার, ভবানীপুর ও বাজারখোলা গ্রামের মধ্যবর্তী খালের ওপর সেতুটি নির্মাণ করে উপজেলা প্রকৌশল বিভাগ। প্রায় পাঁচ বছর আগে সেতুটির মাঝের অংশের একটি পিলার দেবে গিয়ে ফাটল দেখা দেয়। এরপর থেকে সেতুর সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে পাঁচগাছিয়া ও পাশের আরেকটি ইউনিয়নের ১৬ গ্রামের মানুষ চলাচল করছেন।
সরেজমিনে দেখা গেছে, সেতুটির বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় রয়েছে। সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন সেতুর ওপর দিয়ে চলাচল করছে। অনেকেই হেঁটে সেতুটি পার হচ্ছেন। পার হওয়ার সময় আতঙ্কের মধ্যে রয়েছেন অনেকে।
দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় শিক্ষার্থী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় স্কুলশিক্ষক নূরে আলম জানান, "প্রতিদিন আতঙ্কের মধ্যে সেতুটি পার হয়ে স্কুলে যাতায়াত করতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।"
স্থানীয় বাসিন্দা সিফাত বলেন, "এই সেতুতে উঠলে মনে হয় এই বুঝি প্রাণটা গেল। এটা সেতু নয় পুলসিরাত।"
পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের জানান, স্থানীয় বাসিন্দাদের মতো তারাও ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে চলাচল করছেন।
বাজারখোলা গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ জানান, "প্রায় পাঁচ বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এটি পুনর্নির্মাণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।"
দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, "সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনাধীন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন