প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদিআরব থেকে পাঠানো ২৯.৯০ কেজি মালামাল ব্রাহ্মণবাড়িয়া এসে ১৯.৭০ কেজি হয়ে যায়। সরকারী ডাক বিভাগের কাছে আসা এই পার্সেলের প্রাপক, ওজন কম দেখে সেটি গ্রহণে আপত্তি জানালে, ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরের পোস্ট মাস্টারের সঙ্গে তার দুর্ব্যবহার ঘটে। প্রাপক, জেলা শহরের পশ্চিম পাইকপাড়ার মো. আতিকুর রহমান, এ বিষয়ে লিখিত অভিযোগ করে ক্ষতিপূরণ দাবি করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, সৌদিআরব থেকে তার নামে খেজুর, লোশন, ক্রিম, সাবান, চকলেট ও জুতা ভর্তি একটি কার্টুন পার্সেল করে পাঠানো হয়। গত ৪ অক্টোবর, পার্সেলটি গ্রহণ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া পোস্ট অফিস থেকে তাকে ফোন করা হলে, পরদিন তিনি পার্সেলটি গ্রহণ করতে পোস্ট অফিসে যান এবং দেখেন, পার্সেলটি দুই পাশে ছেঁড়া অবস্থায় রয়েছে। প্রেরিত পার্সেলের বক্সের উপরে ওজন ২৯.৯০ কেজি লেখা থাকলেও, ওজন করে ১৯.৭০ কেজি পাওয়া যায়।
১০.২০ কেজি মাল কম হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে, পোস্টমাস্টার তাকে জানান, পার্সেলটি ছেঁড়া অবস্থায় গ্রহণ করেছেন এবং তাদের কিছুই করার নেই। প্রাপক প্রশ্ন করেন, কেন তাকে ছেঁড়া অবস্থায় পার্সেলটি গ্রহণ করতে বলা হচ্ছে, অথবা কেন অফিসিয়ালি নোট করা হয়নি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়নি। পোস্ট মাস্টার জানান, তিনি অফিসিয়ালি নোট করেছেন। প্রাপক অফিসিয়ালি নোটের একটি কপি চাইলে, তাকে দুই ঘণ্টা পরে আসতে বলেন। এই সময়ে, প্রাপককে ৭,৯৮৮ টাকা দিয়ে পার্সেলটি গ্রহণ করতে বলা হয়।
পরবর্তীতে ডাক কর্মকর্তাদের পরামর্শে টাকা পরিশোধ করে, পার্সেল খুলে ভেতরের সব প্যাকেট খোলা অবস্থায় পান। খোলাকৃত প্যাকেটে খেজুর, লোশন, ক্রিম, সাবান ও চকলেট অনেক কম পাওয়া যায় বলে অভিযোগ করেন তিনি।
পার্সেলের প্রাপক মো. আতিকুর রহমান বলেন, পার্সেলে মালামাল কম থাকার অভিযোগ জানাতে গেলে, পোস্ট মাস্টার তার সঙ্গে দুর্ব্যবহার করেন। মাস্টার বলেন, ‘পার্সেল এভাবেই আসে। অভিযোগ দিতে গেলেও সেটি নিতে গড়িমসি করেন। রিসিভ কপিতে সিল দিতে চান না। তিনি বাসায় আসার পর, পোস্ট অফিস থেকে একজন তাকে ফোন করে এ নিয়ে বাড়াবাড়ি না করতে বলেন।’
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরের পোস্টমাস্টার জিনাত রেহেনা বলেন, তাদের মধ্যে কেউ প্যাকেট খুলেনি। মালামাল চট্টগ্রাম থেকে তাদের এখানে আসে। এ বিষয়ে চিঠির মাধ্যমে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন