প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেট অঞ্চলে আকাশে দুটি গ্লাইডার বিমানের সংঘর্ষের ফলে এক পাইলটের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সারাটোগা কাউন্টির এডিনবার্গ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিউইয়র্ক স্টেট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষের পর একটি গ্লাইডার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও অন্যটি দুর্গম বনাঞ্চলে বিধ্বস্ত হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ২৬ মিনিটের দিকে এডিনবার্গের হুইলার রোডের কাছে উড়োজাহাজ দুটি সংঘর্ষের খবর কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এই এলাকা গ্রেট স্যাকানডাগা লেকের নিকটবর্তী এবং সারাটোগা স্প্রিংস থেকে প্রায় ২০ মাইল দূরে অবস্থিত।
সংঘর্ষের পর একটি গ্লাইডার প্লেটু স্কাই র্যাঞ্চ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ওই গ্লাইডারের পাইলট আহত হননি, তবে বিমানটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমানবন্দরের মালিক এলেইন ওয়েড সংবাদমাধ্যম দ্য টাইমস ইউনিয়নকে জানিয়েছেন, দুর্ঘটনার পর পাইলট মানসিকভাবে বিচলিত হলেও শারীরিকভাবে নিরাপদ ছিলেন।
অন্য গ্লাইডারটি সংঘর্ষের পর একটি দুর্গম ও ঘন বনাঞ্চলে বিধ্বস্ত হয়। উদ্ধারকারী দলকে ধ্বংসাবশেষ খুঁজে পেতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালাতে হয়।
বিকেল প্রায় ৪টা ৫৪ মিনিটে স্যান্ড লেক রোডের কাছের একটি প্রত্যন্ত এলাকায় গ্লাইডারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। সেখানে পৌঁছে একমাত্র আরোহী পাইলটকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহত পাইলটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর পরিচয় প্রকাশ করা হবে।
উদ্ধার অভিযানে নিউইয়র্ক স্টেট পুলিশের বিমান ইউনিট, স্টেট ফরেস্ট রেঞ্জার, সারাটোগা কাউন্টি শেরিফের কার্যালয়সহ স্থানীয় বিভিন্ন জরুরি সেবাদানকারী সংস্থা অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নিরাপদে অবতরণ করা গ্লাইডারের পাইলটও পরে নিখোঁজ গ্লাইডারটির সন্ধানে আকাশে ফিরে গিয়েছিলেন।
দুর্ঘটনায় জড়িত দুটি গ্লাইডারের মধ্যে একটি ছিল শেম্প-হার্থ ভেনটাস-২বি এবং অন্যটি শ্লেইখার এএসডব্লিউ-২৪। এই তথ্য জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড নিশ্চিত করেছে।
গ্লাইডার সাধারণত ইঞ্জিনবিহীন উড়োজাহাজ হিসেবে পরিচিত। বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ ও অন্যান্য বায়ুগত শক্তি কাজে লাগিয়ে এসব উড়োজাহাজ আকাশে অবস্থান করে।
এখন পর্যন্ত জানা যায়নি, কেন দুটি গ্লাইডার আকাশে সংঘর্ষে জড়াল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ও ফেডারেল বিমান চলাচল প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তদন্ত চলছে।
নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ থাকলে তাদের ৫১৮-৪৫৭-৬৮১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সূত্র: নিউইয়র্ক স্টেট পুলিশ, এবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন