প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেবী বোধনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর। এই হিসেবে, উৎসবের জন্য আর মাত্র ৫ দিন বাকি রয়েছে। বান্দরবান পার্বত্য জেলায় এবার ৩৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
পুরোহিত শংকর চক্রবর্ত্তী জানিয়েছেন, এবারে দেবী দুর্গার আগমন হবে ঘোড়ায় চড়ে এবং গমন হবে নৌকায়। ষষ্ঠী পূজার মাধ্যমে ১৬ অক্টোবর শুরু হবে এবং বিজয়া দশমীতে ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব শেষ হবে।
শহরের বালাঘাটায় সরেজমিনে দেখা গেছে, পূজাকে কেন্দ্র করে বান্দরবানের প্রতিমা তৈরির শিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা দিনরাত পরিশ্রম করে দেবী দুর্গার রূপ সাজাতে ব্যস্ত রয়েছেন।
এদিকে, এবারের সবচেয়ে বড় পূজাটি বান্দরবানের রাজার মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে গিয়ে দেখা যায়, মনোরম প্যান্ডেল তৈরি করতে রং বেরংয়ের কাপড় ও ককশিট ব্যবহার করা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, জেলার ৭টি উপজেলায় মিলে ৩৩টি পূজামণ্ডপ হবে। এর মধ্যে জেলা সদরেই রয়েছে ১১টি মণ্ডপ।
স্থানীয় রাজার মাঠে হচ্ছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় মণ্ডপ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুর্গাদেবীর প্রতিমাসহ বিভিন্ন দেব-দেবীর নজরকাড়া প্রতিমা তৈরি করা হচ্ছে।
বান্দরবান কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব বলেছেন, এখানে ১৩টি জাতির বসবাস রয়েছে। আমরা সবাই মিলে বান্দরবানে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করি। রাজার মাঠের পূজাটি ভারতের দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে।
বান্দরবান কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার দাশ জানিয়েছেন, এবারে ৫ দিনব্যাপী দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে কাঁধে কাঁধ মিলিয়ে এবারের উৎসব উদযাপন হবে।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, ৩৩টি পূজামণ্ডপে এবারে পূজা অনুষ্ঠিত হবে। গুরুত্ব বিবেচনায়, কয়েকটি ক্যাটাগরিতে পূজামণ্ডপগুলোকে ভাগ করা হয়েছে। এসব মণ্ডপে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন