প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের বিহার রাজ্যে একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের ন্যূনতম সুযোগ-সুবিধার জন্য প্রায় ৪ কিলোমিটার এগিয়ে পদযাত্রা করে মহকুমা প্রশাসকের (এসডিএম) কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনাকে অনেকে ‘জেন আলফার আন্দোলন’ নামে চিহ্নিত করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে যে, মঙ্গলবার বিহারের গয়া জেলার টিকারি মহকুমার সিমুয়ারা মিডল স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী ক্লাস চলাকালীন বিদ্যালয় থেকে বের হয়ে টিকারি সাব-ডিভিশনাল অফিসে উপস্থিত হয়ে অবস্থান নেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা এসডিএম কার্যালয়ের সামনে বসে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, টয়লেটগুলো অস্বাস্থ্যকর, শ্রেণিকক্ষে পর্যাপ্ত ফ্যান এবং বিদ্যুৎ সুবিধা নেই, মিড-ডে মিলের মান খুব নিম্নমানের, সময়মতো ইউনিফর্ম সরবরাহ করা হয় না এবং পাঠদানের পরিবেশও তাদের মতে সন্তোষজনক নয়।
ঘটনার পর টিকারির এসডিএম প্রবীণ কুন্দন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটিতে সহকারী জেলা সরবরাহ কর্মকর্তা চন্দন কুমার, নির্বাহী কর্মকর্তা রণজিৎ সিং এবং ব্লক উন্নয়ন কর্মকর্তা যোগেন্দ্র পাসওয়ানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বিদ্যালয় পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এক কর্মকর্তা এ বিষয়ে জানিয়ে বলেন, ঘটনাটি ঘটনার সময় এসডিএম মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছিলেন। পরে তিনি ফিরে এসে তিনজন ছাত্রীসহ মোট ছয়জন শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকদের উপস্থিতিতে কথা বলেন। এরপর প্রধান শিক্ষককে চার থেকে পাঁচ দিনের মধ্যে বিভিন্ন সমস্যাগুলো সমাধানের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের এক দিনের বেতন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এক্ষেত্রে উল্লেখযোগ্য যে, সম্প্রতি ভারতে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাসংস্কারের দাবিতে শিক্ষার্থীদের নানা আন্দোলনের ঘটনাও আলোচিত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন