প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি খাদ্য গুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য অধিদপ্তর।
কৃষকদের তালিকা প্রণয়ন ও ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে এবং একই ব্যক্তির কাছ থেকে একাধিকবার ধান সংগ্রহ করে বিল দেওয়ার কারণে এই বরখাস্তের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
খাদ্য অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) অনির্বাণ ভদ্রের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ৩১ আগস্ট তার বরখাস্তের বিষয়টি উল্লেখ করা হয়।
এদিকে, গত ৯ সেপ্টেম্বর খাদ্য অধিদপ্তরের উপসচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে ঢাকা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ভারপ্রাপ্ত সহকারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সদ্য বদলিকৃত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের টেলিফোনিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে নেত্রকোনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বিরিশিরি খাদ্য গুদাম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ধান সংগ্রহে বিভিন্ন অনিয়মের তথ্য উঠে আসে।
তদন্তে দেখা যায়, কৃষি বিভাগ থেকে প্রাপ্ত আগ্রহী কৃষকদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করা হয়নি। তালিকায় কৃষকদের পূর্ণাঙ্গ তথ্য না থাকার কারণে যাচাই করা কঠিন হয়ে পড়ে এবং একই নাম একাধিকবার অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কৃষি বিভাগের প্রত্যয়ন নিয়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নিয়ম থাকা সত্ত্বেও তা অনুসরণ করা হয়নি। শুধু জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে এবং কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষক শনাক্ত না করেই ধান সংগ্রহ করা হয়েছে। ফলে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী ইসলাম একটি সিন্ডিকেটের সহায়তায় ধান সংগ্রহ করেছেন বলে প্রতীয়মান হয়।
রেজিস্টার ও কৃষি বিভাগের তালিকা পর্যালোচনায় আরও দেখা যায়, অভ্যন্তরীণ সংগ্রহ নীতিমালা-২০১৭ লঙ্ঘন করে সিন্ডিকেটের মাধ্যমে একই ব্যক্তির কাছ থেকে একাধিকবার ধান সংগ্রহ ও বিল পরিশোধ করা হয়েছে। এ ক্ষেত্রে দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের যথাযথ তদারকি ছিল না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মেহেদী ইসলামকে বরিশালের উজিরপুরে বদলির আদেশ দেওয়া হলেও তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত ও বিভাগীয় কার্যক্রম চলমান থাকায় কর্তৃপক্ষ তাকে চাকরিতে বহাল রাখা সমীচীন মনে করেনি। ফলে প্রভাবমুক্ত ও স্বচ্ছ তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও জানানো হয়েছে।
চলতি বছর নেত্রকোনায় চাল কেলেঙ্কারির একাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে জেলার মদন উপজেলায় গত ১৪ মে রাতে পাচারের সময় ২০ টন চাল জব্দ করা হয়। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও গুদাম কর্মকর্তাকে বরিশালে বদলি করা হয়। একই উপজেলায় গত ৪ সেপ্টেম্বর পাচারের সময় ৫ টন সরকারি চাল জব্দ হয়। দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ছাড়া গত বছরের ২১ জুন জেলার কেন্দুয়া উপজেলায় ১৩ হাজার ৫১৫ কেজি সরকারি চাল জব্দ করে সেনাবাহিনী।
এ বিষয়ে জানতে বরখাস্ত হওয়া গুদাম কর্মকর্তা মেহেদী ইসলামের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
বদলিকৃত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান বলেন, "ধান সংগ্রহে অনিয়মের কারণেই গুদাম কর্মকর্তা মেহেদী ইসলামকে বরখাস্ত করা হয়েছে।"
তবে তিনি নিজের বদলিকে স্বাভাবিক উল্লেখ করে বলেন, "এটা নিয়মিত বদলিই মনে হচ্ছে। ওই ঘটনার সঙ্গে এই বদলির কোনো সম্পর্ক নেই।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন