প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের বর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে সরকার পৃথক প্রস্তাবের মাধ্যমে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন এমওপি ও ডিএপি সার আমদানি করার অনুমোদন প্রদান করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৪৬তম সভায় এই অনুমোদন প্রদান করা হয়।
প্রথম প্রস্তাবের আওতায়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ৫০ কেজি ওজনের বস্তায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সুপারিশ করা হয়েছে। এই প্রক্রিয়ার জন্য খুলনার ফুলতলার ‘জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড’কে সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে সুপারিশ করা হয়েছে। কর ও ভ্যাটসহ মোট ব্যয় হবে প্রায় ৭৬ কোটি ৮৯ লাখ টাকা। এর ফলে প্রতি কেজি মসুর ডালের দাম দাঁড়াচ্ছে ৭৬ দশমিক ৮৯ টাকা।
এছাড়া, সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় মোট চার লটে সার আমদানির সুপারিশও করেছে কমিটি।
দ্বিতীয় প্রস্তাবের অধীনে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) মধ্যে চুক্তির আওতায় দুই লটে ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। চুক্তির ৩য় লটে সিসিসি থেকে ৪০ হাজার মেট্রিক টন সার কেনার পরিকল্পনা রয়েছে, যার মোট ব্যয় হবে প্রায় ১৮৯ কোটি ৬৭ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। একই চুক্তির ৪র্থ লটের আওতায় সমপরিমাণ (৪০ হাজার মেট্রিক টন) এমওপি সার একই দামে (৩৮৩.৮০ ডলার) কেনার প্রস্তাব রয়েছে, যার ব্যয়ও প্রায় ১৮৯ কোটি ৬৭ লাখ টাকা।
অন্যদিকে, রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশনের (প্রডিনটর্গ) সঙ্গে বিএডিসির মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে স্বাক্ষরিত আরেকটি চুক্তির আওতায় ৭ম লটে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার হিসাবে এতে ব্যয় হবে প্রায় ১৬৫ কোটি ৯০ লাখ টাকা। সরবরাহকারী হিসেবে প্রডিনটর্গকেই সুপারিশ করা হয়েছে।
এছাড়া, বিএডিসি ও সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মা’আদেন’-এর চুক্তির আওতায় ২০২৬ সালের ৪র্থ লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৮৮৫ মার্কিন ডলার হিসাবে এতে খরচ হবে প্রায় ৪৩৭ কোটি ৩৭ লাখ টাকা। সরবরাহকারী কোম্পানি হিসেবে মা’আদেন-এর নাম সুপারিশ করা হয়েছে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপিত এসব ক্রয় ও আমদানি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন