প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে চুরি এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শহরজুড়ে সিসি ক্যামেরা বসানো হলেও, নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো কার্যকরী অবস্থায় নেই। থানা পুলিশ জানাচ্ছে, অপরাধ নিয়ন্ত্রণ এবং সিসি ক্যামেরা পুনঃস্থাপনের জন্য পরিকল্পনা রয়েছে।
মঠবাড়িয়া উপজেলা, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম উপজেলা। এর প্রশাসনিক কেন্দ্র এবং প্রধান শহরাঞ্চল হলো মঠবাড়িয়া পৌর শহর। প্রতিদিন বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে হাজার হাজার মানুষ শহরে আসেন নানা প্রয়োজনে।
বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্তে ২০২৪ সালে পুলিশ এবং পৌরসভা পুরো শহরকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এসব ক্যামেরার মাধ্যমে শহরের সার্বিক পরিস্থিতি পুলিশ মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হতো।
কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর পৌর শহরের অধিকাংশ সিসি ক্যামেরা বিকল হয়ে যায় অথবা খোয়া যায়। এর ফলে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে কার্যত নজরদারি বন্ধ হয়ে যায়। এই অবস্থার সুযোগ নিয়ে অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। পাড়া-মহল্লা থেকে বসতবাড়ি— প্রায়ই ঘটছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধের ঘটনা। ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরার ফুটেজে কিছু অপরাধী শনাক্ত হলেও, অধিকাংশই ধরা পড়ছে না। ফলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং পৌরবাসী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
স্থানীয় ব্যবসায়ীরা মন্তব্য করেছেন যে, অপরাধ নিয়ন্ত্রণ এবং পৌরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মঠবাড়িয়া পৌর শহরকে দ্রুত আবার সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। এতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সহজ হবে।
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা জানিয়েছেন, পৌর শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য তারা পরিকল্পনা করছেন, যাতে অপরাধ কমে আসে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানিয়েছেন, তার জানা মতে, মঠবাড়িয়া পৌর শহরে আগে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেগুলো চুরি হয়ে যাওয়ায় বর্তমানে শহরে ক্যামেরা নেই। তিনি আরও জানিয়েছেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং পুরো জেলাকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন